জামায়াত আমিরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন সেনাপ্রধান

পর্যটন সংবাদ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হঠাৎ অসুস্থতার খবরে খোঁজ-খবর নিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। ডা. শফিকুর রহমানের চিকিৎসায় যেকোনো ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

রোববার বিকাল ৪টা ৫০ মিনিটে জামায়াত আমিরের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক স্ট্যাটাসে জানানো হয়, “আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান-এর অসুস্থ হওয়ার খবর শুনে সেনাপ্রধান জনাব ওয়াকার উজ্জামান শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন। তিনি জানান, সম্মানিত আমীর সাহেবের চিকিৎসার জন্য যেকোনো সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছেন।”

স্ট্যাটাসে সেনাপ্রধানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জামায়াত আমির। এতে বলা হয়, “সেনাপ্রধানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।”

গতকাল শনিবার (১৯ জুলাই) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডা. শফিক। বিকাল ৫টা ২০ মিনিটে প্রথমবার তিনি মঞ্চে পড়ে যান এবং পরে সহকর্মীদের সহায়তায় আবার উঠে দাঁড়ান। কিন্তু মাত্র তিন মিনিটের মাথায় আবারও শরীর খারাপ অনুভব করেন তিনি। বুক চেপে ধরে বসে পড়েন এবং সহকর্মীরা তাকে ঘিরে সহায়তা করেন।

তবে শারীরিক দুর্বলতা সত্ত্বেও ডা. শফিকুর রহমান বক্তব্য শেষ করেন। তিনি সমাবেশের হাজারো নেতাকর্মীকে উদ্দেশ করে বলেন, “আল্লাহ আমার হায়াত যতক্ষণ রেখেছেন, তার এক মিনিটও বেশি থাকতে পারব না আমি। সুতরাং এটা নিয়ে আপনারা কেউ বিচলিত হবেন না।”

তিনি আরও বলেন, “আল্লাহ যেন আমাকে শহীদি মৃত্যু দেন।”
শেষে উচ্চারণ করেন— “আল্লাহু আকবার, বাংলাদেশ জিন্দাবাদ।”

পরবর্তীতে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরে আসেন ডা. শফিক। সেখানে তিনি নিজের শারীরিক অবস্থার বিষয়ে একটি ভিডিও বার্তা ও স্ট্যাটাস দেন। একইসঙ্গে সমাবেশে উপস্থিত থেকে তার প্রতি সহানুভূতি প্রকাশ করায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকেও ধন্যবাদ জানান।

Read Previous

বান্দরবানের মর্যাদা রক্ষায় সোচ্চার ছাত্রসমাজ, পর্যটন ভাবমূর্তিতেও আঘাত দেখছেন স্থানীয়রা

Read Next

পার্বত্য পর্যটন ও সম্মান নিয়ে বিতর্ক: বান্দরবান মন্তব্যের জন্য এনসিপি নেতার দুঃখ প্রকাশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular