
পর্যটন সংবাদ ডেস্ক: পর্যটনের অন্যতম আকর্ষণ বান্দরবান জেলার মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে—এমন অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-কে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছে বান্দরবানের শিক্ষার্থীরা। রোববার (২০ জুলাই) বান্দরবান প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
‘বান্দরবান ছাত্রসমাজ’ ব্যানারে আয়োজিত এ সম্মেলনে মূলত পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের বান্দরবান জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ৩ জুলাই পঞ্চগড়ে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’য় এনসিপি নেতা সার্জিস আলম এক বক্তব্যে বান্দরবানকে “শাস্তিস্বরূপ চাঁদাবাজ ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের পাঠানোর জায়গা” হিসেবে উল্লেখ করেন, যা কেবল অপমানজনক নয়, বরং একটি পর্যটনসমৃদ্ধ জেলার প্রতি রাষ্ট্রীয় অবজ্ঞার বহিঃপ্রকাশ।
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের বান্দরবান জেলা সভাপতি আসিফ ইকবাল বলেন, “একজন জাতীয় নেতার এমন মন্তব্য শুধু বান্দরবানের ভাবমূর্তিই ক্ষুণ্ণ করেনি, বরং এখানে আগত পর্যটকদের মাঝেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।”
সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে এ বক্তব্য প্রত্যাহার ও প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়।
উল্লেখ্য, বান্দরবান জেলার বিভিন্ন স্থান যেমন নীলগিরি, থানচি, রুমা, বগা লেক, নাফাখুম প্রভৃতি জায়গা দেশি-বিদেশি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। স্থানীয়রা মনে করছেন, এমন ‘বিতর্কিত ও অবমাননাকর’ মন্তব্য বান্দরবানের পর্যটন খাতের জন্য ক্ষতিকর বার্তা বহন করে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সহ-সভাপতি মাহির ইমতেছার, সাধারণ সম্পাদক হাবিব আল মাহমুদ, ছাত্রনেতা খালিদ বিন নজরুল ও আমিনুল ইসলাম।
বান্দরবানসহ পুরো পার্বত্য চট্টগ্রামকে পর্যটনের জন্য নিরাপদ ও মর্যাদাসম্পন্ন অঞ্চল হিসেবে তুলে ধরতে শিক্ষার্থীরা সরকারের সহযোগিতা এবং নেতাদের দায়িত্বশীল আচরণ কামনা করেছেন।



