শাহজালালের তৃতীয় টার্মিনাল চালুতে আরও সময় লাগছে

পর্যটন সংবাদ ডেস্ক: ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল চালুর অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে। নির্মাণ কাজ প্রায় শেষ হলেও কার্যক্রম শুরু করার জন্য প্রয়োজনীয় চুক্তি ও প্রস্তুতি প্রক্রিয়া এখনো এগোয়নি।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য জাপানের একটি কনসোর্টিয়ামের সঙ্গে এখনও চুক্তি চূড়ান্ত হয়নি। রাজস্ব ভাগাভাগিসহ বেশ কয়েকটি শর্ত নিয়ে আলোচনা চলছে।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন, “চুক্তি সই হওয়ার পরই উদ্বোধনের তারিখ নির্দিষ্ট করা সম্ভব হবে।” তিনি আরও জানান, টার্মিনাল হস্তান্তরের পর পরীক্ষামূলক কার্যক্রম ও অন্যান্য প্রস্তুতিতে অন্তত ছয় মাস সময় লাগবে।

প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা, কনসোর্টিয়ামের কর্মী নিয়োগ ও প্রশিক্ষণ সম্পন্ন করতে আরও পাঁচ থেকে ছয় মাস লাগবে। সবমিলিয়ে নির্ধারিত সময়ের মধ্যেও টার্মিনাল পুরোপুরি চালু হওয়ার সম্ভাবনা কম।

জাপান এয়ারপোর্ট টার্মিনাল কোম্পানি, সুমিতোমো করপোরেশন, সোইজিতস ও নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করপোরেশন নিয়ে গঠিত কনসোর্টিয়াম টার্মিনালের কার্যক্রম পরিচালনা করবে। নিরাপত্তা তদারকি করবে বেবিচক। প্রায় ছয় হাজার জনবল নিয়োগের পরিকল্পনা রয়েছে, যার মধ্যে চার হাজার থাকবেন নিরাপত্তাকর্মী।

ব্যবসায়ী মহল বহুদিন ধরে টার্মিনালটি দ্রুত চালুর দাবি জানিয়ে আসছে। ভারতের মাধ্যমে তৃতীয় দেশের ট্রান্সশিপমেন্ট স্থগিত হওয়ায় এ দাবি আরও জোরালো হয়েছে। কারণ, বাংলাদেশের পোশাক রপ্তানিকারকরা এ কারণে চাপে পড়েছেন।

প্রায় ২১ হাজার ৩০০ কোটি টাকার এই প্রকল্পের কাজ শুরু হয় ২০১৯ সালের শেষ দিকে। সরকারের পাশাপাশি জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়ন করেছে। নতুন টার্মিনাল চালু হলে বিমানবন্দরের যাত্রী ধারণক্ষমতা তিনগুণ বেড়ে বছরে ২ কোটি ৪০ লাখে পৌঁছাবে। কার্গো হ্যান্ডলিং ক্ষমতাও দ্বিগুণ হয়ে বছরে ১০ লাখ টন হবে।

বেবিচক আশাবাদী, সব বাধা পেরিয়ে টার্মিনাল চালু হলে দেশের পর্যটন ও রপ্তানি খাতে বড় পরিবর্তন আসবে।

Read Previous

চট্টগ্রামে জন্মাষ্টমীর শোভাযাত্রায় ৬ যুবক আটক

Read Next

ডিজিটাল লেনদেনে নতুন সেবা আনছে ট্রাস্ট ব্যাংক ও বিকাশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular