
পর্যটন সংবাদ ডেস্ক: চট্টগ্রামে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় প্ল্যাকার্ড হাতে প্রবেশের চেষ্টা করায় ছয় যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (১৬ আগস্ট) সকালে নগরীর আন্দরকিল্লা এলাকা থেকে শোভাযাত্রা শুরু হয়। ঠিক তখনই কয়েকজন যুবক ‘চিন্ময় কৃষ্ণ’ লেখা প্ল্যাকার্ড নিয়ে প্রবেশ করতে চাইলে আয়োজকরা বিষয়টি বুঝতে পেরে পুলিশকে জানান। পরে পুলিশ তাৎক্ষণিকভাবে ছয়জনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য কোতোয়ালি থানায় নিয়ে যায়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, “জন্মাষ্টমীর শোভাযাত্রায় সন্দেহজনকভাবে কয়েকজন যুবক প্রবেশের চেষ্টা করে। আয়োজকদের অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। এখন জিজ্ঞাসাবাদ চলছে।”
শোভাযাত্রাটি সকাল সাড়ে ১০টায় আন্দরকিল্লা থেকে শুরু হয়ে লালদীঘি, কোতোয়ালি, নিউমার্কেট, রাইফেলস ক্লাব, নন্দনকানন ও চেরাগি হয়ে জে এম সেন হলে গিয়ে শেষ হয়। এসময় শোভাযাত্রা ঘিরে ছিল কড়া পুলিশি নিরাপত্তা।



