৯৯ বছরের জন্য জমি লিজ এবং ১০ বছরের পর্যটন ভিসার পরিকল্পনা থাইল্যান্ডের

থাইল্যান্ডের সামগ্রিক অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে থাইল্যান্ডের সরকার একটি নতুন নীতি বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে। গুরুত্বপূর্ণ এই পদক্ষেপের মধ্যে রয়েছে, বিদেশি নাগরিকদের ৯৯ বছর পর্যন্ত জমি লিজ দেওয়া এবং উচ্চ-সম্ভাব্য প্রতিভাসম্পন্ন ব্যক্তি ও বিনিয়োগকারীদের জন্য ১০ বছরের ভিসা প্রদান।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, গত ১৭ মে থাইল্যান্ডের একটি ফোরামে উপ-প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী পিচাই চুনহাচাইচান এই নীতির কথা প্রকাশ করেন।

তিনি উল্লেখ করেন, সরকার বিদেশিদের সরাসরি মালিকানার পরিবর্তে ৯৯ বছর পর্যন্ত জমি লিজ দেওয়ার অনুমতির প্রস্তাব করেছে। এই প্রক্রিয়ায় জমির মালিকানা প্রথমে রাষ্ট্রীয় মালিকানায় স্থানান্তরিত হবে এবং বিদেশিরা ‘লিজহোল্ড’ ক্রয়ের মতো দীর্ঘমেয়াদী লিজের আকারে ব্যবহারের সুবিধা পাবে।

পিচাই চুনহাচাইচান জানান, এই উদ্যোগ দেশি ও বিদেশি বিনিয়োগকারী, রিয়েল এস্টেট উদ্যোক্তা এবং প্রাসঙ্গিক সংস্থাগুলোর কাছ থেকে উল্লেখযোগ্য দৃষ্টি আকর্ষণ করেছে।

থাই মন্ত্রী আরও বলেন, ৯৯ বছরের ইজারার মেয়াদ শেষ হলে জমিটি রাষ্ট্রীয় মালিকানায় ফিরে যাবে। জাতীয় স্বার্থ সংরক্ষণের পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের জমির উন্নয়ন ও ব্যবহারের জন্য আস্থা এবং স্থায়িত্ব প্রদান করা হবে। এই পদ্ধতিটি কেবল অবৈধ জমির মালিকানার সমস্যাগুলোই সমাধান করবে না, বরং স্বচ্ছতা এবং বিনিয়োগকারীদের আস্থাও বাড়াবে।

এদিকে, থাই সরকারের বিবেচনাধীন আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো উচ্চ-দক্ষ কর্মী, বিনিয়োগকারী, প্রযুক্তি স্টার্টআপ অথবা স্থিতিশীল আয়ের লোকদের জন্য ১০ বছরের দীর্ঘমেয়াদী ভিসা প্রদান করা। এর লক্ষ্য কর্মক্ষম জনসংখ্যা কমে যাওয়া রোধ করা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য নতুন গতি তৈরি করা।

অর্থমন্ত্রী পিচাই জোর দিয়ে বলেন, এই ভিসানীতি বিশ্বব্যাপী শীর্ষ প্রতিভাদের থাইল্যান্ডে কাজ, বিনিয়োগ এবং বসবাসের জন্য আকৃষ্ট করবে। এর ফলে শ্রমবাজার সম্প্রসারণ হবে এবং কর্ম-অক্ষম জনসংখ্যার ক্রমবর্ধমান সমস্যা দূর হবে।

তিনি আরও বলেন, থাইল্যান্ডে জন্মহার কমছে। অন্যদিকে বয়স্ক জনসংখ্যা বাড়ছে। এই নীতি কার্যকরভাবে এসব শূন্যতা পূরণ করবে।

Read Previous

শিগগিরই বাংলাদেশিদের জন্য অন অ্যারাইভাল ভিসা: ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী

Read Next

এমিরেটস ফ্লাইট ক্যাটারিংয়ে যুক্ত হচ্ছে ৯২ টাইরেটিং এয়ারক্রাফট ক্যাটারিং ট্র্যাক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular