
পর্যটন সংবাদ ডেস্ক: ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ নিয়মিত শিক্ষার্থীদের জন্য রাজস্ব খাতভুক্ত মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি প্রদানের প্রক্রিয়া শুরু করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ লক্ষ্যে নির্ধারিত নমুনা ছকে তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
মাউশির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৪ আগস্টের মধ্যে নির্ধারিত ছক অনুযায়ী তথ্য ই-মেইল (📧 dd_plan_pbm@yahoo.com) এবং হার্ড কপিতে পাঠাতে হবে। চিঠিটি মাউশির মহাপরিচালক বরাবর প্রেরণ করতে হবে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে মোট নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা, উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা, জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা এবং জিপিএ–৫ ব্যতীত উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা পাঠাতে হবে। এ–সংক্রান্ত নির্দেশনা সব শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের কাছেও পাঠানো হয়েছে।
প্রতিবছর এইচএসসির ফলাফলের ভিত্তিতে ১০ হাজার ৫০০ জন শিক্ষার্থী বৃত্তি পেয়ে থাকে। এর মধ্যে ১ হাজার ১২৫ জন মেধাবৃত্তি এবং ৯ হাজার ৩৭৫ জন সাধারণ বৃত্তি পান। মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসে ৮২৫ টাকা ও বছরে এককালীন ১,৮০০ টাকা পেয়ে থাকেন। অপরদিকে, সাধারণ বৃত্তিপ্রাপ্তরা মাসে ৩৭৫ টাকা এবং বছরে এককালীন ৭৫০ টাকা পান।
মাউশি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তথ্য না দিলে বৃত্তি প্রদানের প্রক্রিয়ায় বিলম্ব হতে পারে। তাই সব প্রতিষ্ঠানকে সময়মতো তথ্য পাঠানোর আহ্বান জানানো হয়েছে।



