গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

পর্যটন সংবাদ ডেস্ক: গাজীপুরে মো. আসাদুজ্জামান তুহিন (৩৮) নামে এক সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে মহানগরীর চান্দনা চৌরাস্তার মসজিদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন। তিনি ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে এবং পরিবারসহ চান্দনা চৌরাস্তা এলাকায় বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের ওই সময়ে তুহিন মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে ছিলেন। এসময় চার থেকে পাঁচজন যুবক সেখানে এসে তার সঙ্গে কথা কাটাকাটি শুরু করে। মুহূর্তের মধ্যে তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। ঘটনাস্থলেই তুহিনের মৃত্যু হয়।

ঘটনার কিছু সময় আগে নিজের ফেসবুক আইডি থেকে তিনি একটি ভিডিও পোস্ট করেছিলেন, যেখানে লিখেছিলেন— “যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য, গাজীপুর চৌরাস্তা”। ভিডিওটি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

বাসন থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, “নিহত ব্যক্তি একজন সাংবাদিক। তার মরদেহ মর্গে পাঠানো হয়েছে।”

এদিকে বাসন থানার ওসি শাহীন খান জানান, হত্যার কারণ ও জড়িতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পেছনের রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

গাজীপুরে এ হত্যাকাণ্ডে সাংবাদিক সমাজসহ স্থানীয়রা শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

Read Previous

২০২৫ সালের এসএসসি উত্তীর্ণদের জন্য মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তির তথ্য চেয়েছে মাউশি

Read Next

যুক্তরাষ্ট্রে পর্যটন ও ব্যবসায়িক ভিসার অপব্যবহার রোধে নতুন জামানত বাধ্যতামূলক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular