১০২ বছর বয়সে ফুজি জয়, কোকিচির বিশ্ব রেকর্ড

পর্যটন সংবাদ ডেস্ক: বয়স যে কেবল ক্যালেন্ডারের হিসাব, সেটাই আবারও প্রমাণ করলেন জাপানের কোকিচি আকুজাওয়া। বয়স ১০২, তবু থামেননি। দুর্বল হৃদযন্ত্র নিয়েও জীবন্ত আগ্নেয়গিরি মাউন্ট ফুজির চূড়ায় উঠে গড়লেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড।

৩৭৭৬ মিটার উঁচু জাপানের প্রতীক এই পর্বতের শীর্ষে দাঁড়িয়ে কোকিচি অবশ্য নির্লিপ্ত ভঙ্গিতেই বললেন— এর আগেও তো উঠেছি, শেষবার উঠেছিলাম ৯৬ বছর বয়সে।

১৯২৩ সালে জন্ম নেওয়া কোকিচি পেশায় গবাদিপশুর খামারি। অবসর সময় কাটান বৃদ্ধাশ্রমে স্বেচ্ছাসেবক হিসেবে ও ছবি আঁকা শেখানোর মাধ্যমে। পাহাড়ে ওঠা তার দীর্ঘদিনের নেশা।

তবে এবারের ফুজি জয় ছিল ভীষণ কঠিন। চলতি বছরের শুরুতে স্থানীয় পাহাড়ে উঠতে গিয়ে পড়ে গিয়ে তিনি হৃদযন্ত্র বিকল হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তখন পরিবার ভেবেছিল পাহাড়ে ওঠা হয়তো আর সম্ভব নয়। কিন্তু ইচ্ছাশক্তির জোরে দ্রুত সুস্থ হয়ে ওঠেন কোকিচি। এরপর প্রতিদিন ভোরে হাঁটা, ছোট পাহাড়ে চড়া— এমন অনুশীলনের ধারাবাহিকতায় তৈরি করেন নিজেকে।

অবশেষে নাতনি ও ব্যক্তিগত নার্সকে সঙ্গে নিয়ে তিন দিনে জয় করেন ফুজি। পথে দু’ রাত কাটিয়েছেন কুঁড়েঘরে। উচ্চতার কারণে কিছুটা শারীরিক অসুবিধা হলেও সহযাত্রীদের সহযোগিতায় পৌঁছে যান শীর্ষে।

তার এই অর্জন বিশেষজ্ঞদের চোখে এক অনন্য দৃষ্টান্ত। তারা বলছেন, নিয়মিত অনুশীলন, ইতিবাচক মানসিকতা আর প্রবল ইচ্ছাশক্তি থাকলে বয়স কোনো বাধা নয়। কোকিচি আকুজাওয়া দেখিয়ে দিলেন, পাহাড় হোক বা জীবন— জয় করা সম্ভব যেকোনো শিখরই।

Read Previous

ঢাকার আকাশে মেঘের ছোঁয়া, বৃষ্টির সম্ভাবনা

Read Next

ইন্টার মায়ামিকে ফাইনালে তুললেন মেসি, অরল্যান্ডোর জালে জোড়া গোল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular