ঢাকার আকাশে মেঘের ছোঁয়া, বৃষ্টির সম্ভাবনা

পর্যটন সংবাদ ডেস্ক: রাজধানী ঢাকা ও আশপাশের আকাশ আজ আংশিক মেঘলা থাকতে পারে। পাশাপাশি হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়, সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকার আকাশ সাময়িকভাবে মেঘলা থাকতে পারে। এ সময় দক্ষিণ ও দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৮৫ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় সামান্য বৃষ্টিপাতও রেকর্ড করা হয়েছে।

এদিকে, বৃহত্তর পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।

দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন হবে না বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Read Previous

অবসর নয়, মাঠে ফেরার লড়াই চালিয়ে যাচ্ছেন মোহাম্মদ শামি

Read Next

১০২ বছর বয়সে ফুজি জয়, কোকিচির বিশ্ব রেকর্ড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular