
পর্যটন সংবাদ ডেস্ক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী ১৫ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছে। ওইদিন সাক্ষ্য দেবেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বুধবার (১০ সেপ্টেম্বর) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি বলেন, “আজ ঐতিহাসিক প্রেক্ষাপটের সাক্ষী হিসেবে মাহমুদুর রহমান ও জুলাই গণঅভ্যুত্থানের নায়ক নাহিদ ইসলামের সাক্ষ্য দেওয়ার কথা ছিল। কিন্তু ব্যক্তিগত কারণে তারা উপস্থিত হতে না পারায় ট্রাইব্যুনালের কাছে সময় চাওয়া হয়। পরে আদালত আবেদন মঞ্জুর করে নতুন দিন ধার্য করেন।”
এ মামলায় এখন পর্যন্ত মোট ৪৫ জন সাক্ষ্য দিয়েছেন। সর্বশেষ ৯ সেপ্টেম্বর ছয়জন সাক্ষ্য প্রদান করেন। এর আগের দিন তিনজন সাক্ষ্য দিয়েছিলেন। ২ সেপ্টেম্বর সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আসামি থেকে রাজসাক্ষী হয়ে সাক্ষ্য দেন এবং ৪ সেপ্টেম্বর তার জেরা শেষ হয়। তিনি আদালতে জানান, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশেই গত বছরের জুলাই-আগস্টে হত্যাযজ্ঞ চালানো হয়।
শহীদ পরিবার ও প্রত্যক্ষদর্শী সাক্ষীরা আদালতে জানিয়েছেন, আন্দোলনের সময় সারাদেশে যে হত্যাযজ্ঞ ঘটেছে, তার দায়ভার আসামিদের ওপর বর্তায়। তারা এই অপরাধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
প্রসঙ্গত, গত ১০ জুলাই ট্রাইব্যুনাল শেখ হাসিনা, কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্র ৮ হাজার ৭৪৭ পৃষ্ঠার, যেখানে শহীদদের তালিকার বিবরণ, জব্দকৃত নথি ও প্রমাণাদি সংযুক্ত রয়েছে।



