
পর্যটন সংবাদ ডেস্ক: জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিআরএইচ) সাবেক পরিচালক অধ্যাপক ডা. শেখ গোলাম মোস্তফার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুদকের প্রধান কার্যালয় থেকে একটি বিশেষ দল এ অভিযান শুরু করে। দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম বলেন, ডা. মোস্তফার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অবৈধ সম্পদ অর্জন ও ঘুষের মাধ্যমে পদ পাওয়ার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
অভিযোগে জানা যায়, চলতি বছরের জানুয়ারিতে স্বাস্থ্য উপদেষ্টা হওয়ার আশায় তিনি এক সমন্বয়ক গ্রুপকে ১০ লাখ টাকা নগদ ও ২০০ কোটি টাকার চারটি চেক দেন। এ সময় আরিফুল ইসলাম নামে এক মধ্যস্থতাকারী সরাসরি তার চেম্বার থেকে চেক সংগ্রহ করেন। আরিফুল নিজেকে সমন্বয়ক আরেফিনের ভাই পরিচয় দিয়ে লেনদেন সম্পন্ন করেন।
তবে ডা. শেখ গোলাম মোস্তফা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, একটি সংঘবদ্ধ চক্র তাকে মিথ্যা প্রলোভন দেখিয়ে জোরপূর্বক চেক নিয়েছে। তার ভাষ্য অনুযায়ী, চেকগুলো আসলে সিকিউরিটি চেক ছিল এবং চেক নেওয়ার সময় অভিযুক্তদের হাতে অস্ত্রও থাকতে পারে।
দুদকের এ অভিযান নিয়ে এখন সবার নজর রয়েছে তদন্তের অগ্রগতির দিকে।



