
পর্যটন সংবাদ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল সংযোগে নতুন যুগের সূচনার লক্ষ্যে আগামীকাল শুক্রবার (১৮ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রভিত্তিক মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স-এর সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংক এর এক উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।
এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার। তার সঙ্গে থাকবেন স্পেসএক্সের আন্তর্জাতিক কৌশল ও সরকারি সম্পর্ক পরিচালক রিচার্ড গ্রিফিথস।
তাদের এই সফরের মূল লক্ষ্য হলো বাংলাদেশের তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ অবকাঠামোর উন্নয়নে সম্ভাব্য বিনিয়োগ ও অংশীদারিত্ব মূল্যায়ন, পাশাপাশি সরকার ও নীতিনির্ধারকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বৃহস্পতিবার (১৭ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে স্টারলিংকের অফিসিয়াল কার্যক্রম শুরুর ঘোষণা আসছে এই সফর থেকেই। প্রতিনিধিদলটি বাংলাদেশের শহর ও গ্রামীণ অঞ্চল—বিশেষ করে দুর্গম এলাকায় উচ্চগতির ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার সম্ভাবনা ও চ্যালেঞ্জগুলো নিয়ে বিশদ আলোচনা করবেন।
প্রতিনিধিদলটি ঢাকায় অবস্থানকালে দেশের ডিজিটাল ট্রান্সফর্মেশন প্রক্রিয়ার অন্যতম পথপ্রদর্শক প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। একই দিন বিকেল ৫টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক প্রেস কনফারেন্সে অংশ নেবেন তারা।
তাদের সফরসূচির অংশ হিসেবে শুক্রবার রাতেই রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিতব্য ‘জুলাই পুনর্জাগরণ’ শীর্ষক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন স্টারলিংক প্রতিনিধিরা। এরপর ১৯ জুলাই তারা ঢাকা ত্যাগ করবেন।
বাংলাদেশের প্রযুক্তিখাত এবং আন্তর্জাতিক প্রযুক্তি অংশীদারিত্বে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।



