
পর্যটন সংবাদ ডেস্ক : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্ধারিত সৌদি আরব সফর বাতিল করা হয়েছে। আগামী ২৭ থেকে ৩০ অক্টোবর রিয়াদে অনুষ্ঠিতব্য ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই)’ সম্মেলনে অংশ নেওয়ার কথা ছিল তার।
প্রধান উপদেষ্টার কার্যালয় জানিয়েছে, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, জুলাই সনদ বাস্তবায়নের চলমান প্রক্রিয়া এবং আসন্ন জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়ে ব্যস্ততার কারণেই সফরটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার পরিবর্তে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন তার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত ড. লুৎফে সিদ্দিকী।
প্রসঙ্গত, গত জুলাইয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ প্রধান উপদেষ্টার হাতে সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের পাঠানো আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। এরপর থেকেই সফরের প্রস্তুতি চলছিল এবং একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সফরের সময়সূচিও প্রাথমিকভাবে নির্ধারিত হয়েছিল।
তবে রাজনৈতিক অগ্রাধিকার বিবেচনায় সফরটি আপাতত স্থগিত রাখা হয়েছে বলে সূত্র জানিয়েছে।
উল্লেখ্য, এফআইআই সম্মেলন সৌদি আরবের অন্যতম বৃহৎ বৈশ্বিক অর্থনৈতিক ফোরাম, যেখানে প্রতিবছর বিশ্বের শীর্ষ বিনিয়োগকারী, রাষ্ট্রনেতা ও নীতিনির্ধারকেরা অংশ নেন।



