ইসরায়েলের অবৈধ সার্বভৌমত্ব প্রয়াসের নিন্দা জানাল বাংলাদেশ

পর্যটন সংবাদ ডেস্ক : ফিলিস্তিনের পশ্চিম তীরে তথাকথিত ‘ইসরায়েলি সার্বভৌমত্ব’ আরোপের উদ্দেশ্যে ইসরায়েলি নেসেটে সম্প্রতি পাস হওয়া খসড়া আইনের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বাংলাদেশ পুনর্ব্যক্ত করছে যে পূর্ব জেরুজালেমসহ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের কোনো অংশের ওপর ইসরায়েলের সার্বভৌমত্ব নেই।

বিবৃতিতে বলা হয়, ইসরায়েল পশ্চিম তীরে অবৈধভাবে বসতি স্থাপন ও সম্প্রসারণের মাধ্যমে আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং নিরাপত্তা পরিষদের প্রস্তাব—বিশেষ করে প্রস্তাব ২৩৩৪—এর প্রকাশ্য লঙ্ঘন করছে। এসব পদক্ষেপ দখলদারিত্বের মাধ্যমে ফিলিস্তিনি ভূমির ওপর ইসরায়েলের বেআইনি নিয়ন্ত্রণকে আরও শক্ত করছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, বাংলাদেশ আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক উপদেষ্টা মতামতকে স্বাগত জানিয়েছে, যেখানে বলা হয়েছে, আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে ইসরায়েল বেসামরিক নাগরিকদের ক্ষুধার্ত রেখে বা অনাহারে রেখে যুদ্ধ পরিচালনা করতে পারে না। আদালত এই মতামতের মাধ্যমে ইসরায়েলের ওপর তার আন্তর্জাতিক বাধ্যবাধকতা স্পষ্ট করেছে।

বিবৃতিতে বাংলাদেশ আবারও ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকারের প্রতি অটল সমর্থন ব্যক্ত করে। এতে বলা হয়, ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার রয়েছে, এবং ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমারেখার ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিকে বাংলাদেশ দৃঢ়ভাবে সমর্থন করে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, টেকসই শান্তির একমাত্র পথ হলো আন্তর্জাতিক আইন মেনে দখলদারিত্বের অবসান ও ন্যায্য ভিত্তিতে দুই রাষ্ট্র সমাধানের বাস্তবায়ন।

Read Previous

সৌদি আরব সফর বাতিল করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

Read Next

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক ঘোষণা স্থগিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular