সাবেক এমপি নিজাম হাজারীসহ চারজনের বিরুদ্ধে অস্ত্র মামলায় চার্জশিট

ফেনী প্রতিনিধি | পর্যটন সংবাদ: ফেনী-২ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীসহ চারজনের বিরুদ্ধে অস্ত্র আইনে চার্জশিট দিয়েছে ফেনী মডেল থানা পুলিশ। সরকারের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্র জমা না দেওয়ায় তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়।

চার্জশিটে অভিযুক্ত অন্যরা হলেন—ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ছনুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান করিম উল্ল্যাহ বিকম, ফাজিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মুজিবুল হক রিপন, এবং নিজাম হাজারীর স্ত্রী নূরজাহান বেগম।

ফেনী মডেল থানার তদন্ত কর্মকর্তা সজল কান্তি দাশ জানান, গত ৩০ জুন ফেনী সদর আমলি আদালতে চারজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। আদালত আগামী ৭ আগস্ট শুনানির দিন ধার্য করেছেন।

এর আগে, ২০২৩ সালের ৫ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক নির্দেশনার মাধ্যমে ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বেসামরিক নাগরিকদের দেওয়া সব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স সাময়িকভাবে স্থগিত ঘোষণা করে এবং ৩ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট থানায় অস্ত্র ও গোলাবারুদ জমা দেওয়ার নির্দেশ দেয়।

ফেনী মডেল থানার উপ-পরিদর্শক গোলাম কিবরিয়া জানান, নিজাম উদ্দিন হাজারী তার লাইসেন্সকৃত ৩২ বোর এনপিবি পিস্তল নির্ধারিত সময়ের মধ্যে জমা না দেওয়ায় তার বিরুদ্ধে মামলা হয়।

এদিকে, স্থানীয় আইনজীবী ও রাজনৈতিক পর্যবেক্ষকদের দাবি, অভিযুক্ত ব্যক্তিরা পূর্ববর্তী সময়ের কিছু সংঘর্ষ ও সহিংস ঘটনার সঙ্গেও জড়িত ছিলেন। তবে এসব মামলার তদন্ত এখনো চলমান।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর নিজাম হাজারীসহ অভিযুক্ত চারজনই বর্তমানে পলাতক বলে জানা গেছে।

Read Previous

স্বর্গের খোঁজে? পালাওয়ান আইল্যান্ড হতে পারে আপনার পরবর্তী গন্তব্য

Read Next

সাউথএন্ড বিমানবন্দরে উড্ডয়নের পরই বিধ্বস্ত ছোট উড়োজাহাজ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ বিমানবন্দর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular