
পর্যটন সংবাদ ডেস্ক: সিলেটের জনপ্রিয় পর্যটন স্পট সাদা পাথর এলাকায় লুটপাটের ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে সরকার। শুক্রবার (২২ আগস্ট) সকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেছুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ প্রতিনিধি দল এলাকা পরিদর্শন করে।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিনিয়র সচিব মোখলেছুর রহমান বলেন, “সাদা পাথর শুধু লুট হয়নি, হয়েছে হরিলুট। পর্যটন স্পটটি শিগগিরই ২৪ ঘণ্টা সিসিটিভি নজরদারির আওতায় আনা হবে।” তিনি আরও স্পষ্ট করে জানান, যারা এ লুটপাটে জড়িত—দলের হোক বা প্রশাসনের, যেই হোক না কেন—তাদের আইনের আওতায় আনা হবে।
প্রতিনিধি দলে সিলেটের বিভাগীয় কমিশনার এবং নবনিযুক্ত জেলা প্রশাসক সারওয়ার আলম উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক বলেন, “সাদা পাথর লুটের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না।”
সাদা পাথর শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, দেশের পর্যটন শিল্পেরও একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই এখানকার নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসনের এই উদ্যোগকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন।



