
পর্যটন সংবাদ ডেস্ক: আওয়ামী লীগ সরকারের দায়িত্ব পালন করা সাবেক পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য এম এ মান্নানকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে সিলেট দুদক কার্যালয়ে প্রায় দুই ঘণ্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সকাল ১০টা ২০ মিনিটে তিনি দুদক কার্যালয়ে প্রবেশ করেন এবং বেলা ১২টার দিকে বেরিয়ে আসেন।
দুদকের উপ-পরিচালক রাফী মোহাম্মদ নাজমূস সাদাত গণমাধ্যমকে জানান, এম এ মান্নানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রকল্প থেকে কমিশন নেওয়ার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের প্রাথমিক তদন্ত চলছে। জিজ্ঞাসাবাদে তার স্থাবর ও অস্থাবর সম্পদ সম্পর্কেও তথ্য নেওয়া হয়েছে।
সূত্র জানায়, এসব অভিযোগে সাবেক মন্ত্রীর সঙ্গে তার ভাগ্নে, ভাতিজাসহ আরও কয়েকজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।
এর আগে গত বছরের ১৯ সেপ্টেম্বর ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে দায়ের করা এক মামলায় এম এ মান্নানকে সুনামগঞ্জের শান্তিগঞ্জের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। কারাগারে থাকার সময় তিনি অসুস্থ হয়ে পড়লে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে এবং পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে ৯ অক্টোবর আদালত থেকে জামিন পেয়ে ১০ অক্টোবর হাসপাতাল থেকেই মুক্তি পান তিনি।
বর্তমানে তিনি ঢাকায় উন্নত চিকিৎসাধীন আছেন। প্রোস্টেটসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।



