
সিলেট প্রতিনিধি। পর্যটন সংবাদ: সিলেটের বহুল আলোচিত ভোলাগঞ্জ সাদাপাথর লুটপাট মামলার অন্যতম আসামি ও পদ হারানো বিএনপি নেতা সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে নগরীর কুমারপাড়া এলাকা থেকে র্যাব-৯ এর একটি আভিযানিক দল তাকে আটক করে। র্যাবের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত এক বছরে সিলেটের কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাটে অবৈধভাবে বিপুল পরিমাণ সাদা পাথর উত্তোলনের ঘটনা ঘটে। গণমাধ্যমে বিষয়টি প্রকাশ পেলে দেশজুড়ে তোলপাড় শুরু হয়। এরপর র্যাব-৯ গোয়েন্দা তৎপরতা বাড়ায় এবং গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে সাহাব উদ্দিনকে আটক করা হয়।
র্যাবের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কোম্পানীগঞ্জ থানায় খনি ও খনিজ সম্পদ (নিয়ন্ত্রণ ও উন্নয়ন) আইন ১৯৯২ এর ৫ তৎসহ দণ্ডবিধির ৩৭৯/৪৩১ ধারায় তার বিরুদ্ধে মামলা রয়েছে। এছাড়া কোম্পানীগঞ্জ ও কোতোয়ালি থানায় আরও ৭টি মামলা আছে তার নামে। গ্রেপ্তারের পর তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে গত ১১ আগস্ট বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনের সকল পদ স্থগিত করা হয়।
ভোলাগঞ্জ সাদাপাথর এলাকা সিলেটের একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। কিন্তু দীর্ঘদিন ধরে অবৈধ উত্তোলন ও লুটপাটের কারণে এলাকার প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হচ্ছে বলে অভিযোগ রয়েছে স্থানীয়দের।



