
পর্যটন সংবাদ ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবসে ভোর থেকে রাজধানীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। রাস্তায় পানি জমে না থাকলেও বৃষ্টির কারণে যানবাহনের গতি ধীর হয়ে পড়েছে। এতে অফিসগামী মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে। রাজধানীর মিরপুর, কুর্মিটোলা, কারওয়ান বাজার, শ্যামলী ও সায়েন্স ল্যাব মোড়সহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সকাল থেকেই তৈরি হয়েছে দীর্ঘ যানজট।
রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে সরেজমিনে দেখা গেছে, হালকা বৃষ্টিতে সড়কজুড়ে গাড়ির সারি প্রায় থেমে আছে। হর্ন বাজিয়েও এগোতে পারছে না বাস ও প্রাইভেটকার। রাস্তায় দাঁড়িয়ে থাকা মানুষদের অনেকেই অফিসে যাওয়ার তাড়া থাকলেও বাস পাচ্ছেন না। কেউ ছাতা মাথায় দাঁড়িয়ে আছেন, কেউ আবার ছাতা ছাড়াই ভিজতে ভিজতে দৌড়াচ্ছেন বাস ধরতে। এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে রিকশা ও সিএনজির ভাড়া বেড়ে গেছে কয়েক গুণ।
বিশেষ করে কারওয়ান বাজার থেকে শুরু করে ফার্মগেট পর্যন্ত একটানা লম্বা যানজট দেখা গেছে। বৃষ্টির কারণে গাড়িচালকরা ধীরে চালাতে বাধ্য হচ্ছেন, আর ছোট ছোট মোড়ে গাড়ির চাপ আরও বাড়িয়ে দিচ্ছে যানজট।
সকালে আটকা পড়া এক যাত্রী, আরিফ হোসেন, বলেন—“প্রতিদিন অফিসে যেতে এক ঘণ্টা লাগে। আজ প্রায় দেড় ঘণ্টা হয়ে গেল, এখনও ফার্মগেট পার হতে পারিনি।”
শাহবাগ, সায়েন্স ল্যাব ও নিউমার্কেট এলাকায়ও একই অবস্থা লক্ষ্য করা গেছে। এসব জায়গায় পানি না জমলেও ব্যক্তিগত গাড়ির সংখ্যা বেড়ে যাওয়ায় যানজট আরও প্রকট হয়ে উঠেছে। সিগন্যালের মোড়গুলোতে গাড়ির দীর্ঘ লাইন দেখা যাচ্ছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ ঢাকায় দিনভর কমবেশি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের প্রথমার্ধে আকাশ মেঘলা থাকার পাশাপাশি দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে রাজধানীর তাপমাত্রা সামান্য কমতে পারে।



