১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনি ব্যবস্থা: অন্তর্বর্তী সরকারের সতর্কতা

পর্যটন সংবাদ ডেস্ক: শেখ হাসিনার বক্তব্য প্রচার থেকে বিরত থাকার জন্য গণমাধ্যমগুলোকে সতর্ক করেছে অন্তর্বর্তী সরকার। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে জানায়, আদালতের নির্দেশনা অমান্য করে সম্প্রতি কিছু গণমাধ্যমে তার ভাষণ প্রচার করা হয়েছে, যা আইন লঙ্ঘনের শামিল।

বিবৃতিতে বলা হয়, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা তার ভাষণে মিথ্যা ও উসকানিমূলক বক্তব্য দিয়েছেন। ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করেছে এবং মামলাগুলো বিচারাধীন রয়েছে।

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আরও জানানো হয়, বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ অনুযায়ী, দণ্ডিত বা অভিযুক্ত নেতাদের কার্যকলাপ কিংবা বক্তব্য প্রচার করলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান আইনি জবাবদিহির আওতায় পড়বে।

বিবৃতিতে টেলিভিশন, অনলাইন ও অন্যান্য মাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচারকে “গুরুতর আইনভঙ্গ” বলে উল্লেখ করা হয়। সেই সঙ্গে সংবাদমাধ্যমকে সতর্ক করে বলা হয়, এ ধরনের বক্তব্য প্রচার করলে তা দেশে সহিংসতা ও অস্থিতিশীলতা উসকে দিতে পারে।

প্রেস উইং আরও জানায়, “শেখ হাসিনার মন্তব্য ও বক্তৃতা প্রচার বা পুনঃপ্রচার জনগণকে বিভ্রান্ত করতে পারে এবং বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য ঝুঁকি তৈরি করবে। তাই আইন মেনে দায়িত্বশীলতা বজায় রাখা জরুরি।”

Read Previous

ঢাকা ওয়াসার প্রকল্পের মাসিক অগ্রগতি প্রতিবেদন বাধ্যতামূলক

Read Next

ভারতের রুশ তেল আমদানিতে ট্রাম্পের কড়া শুল্ক, বিতর্কে রিলায়েন্স ও মুকেশ আম্বানি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular