
পর্যটন সংবাদ ডেস্ক: উত্তরায় ভয়াবহ বিমান দুর্ঘটনার ধাক্কা কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে রাজধানীর অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। দীর্ঘ ১২ দিনের ছুটি এবং দুই দিনের বিশেষ কাউন্সেলিং কার্যক্রম শেষে ৬ আগস্ট (বুধবার) সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয়েছে নবম থেকে দ্বাদশ শ্রেণির নিয়মিত পাঠদান।
প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা শাহ্ বুলবুল জানিয়েছেন, দুর্ঘটনার পর শিক্ষার্থীদের মানসিকভাবে প্রস্তুত করতে প্রথম দুই দিন ক্যাম্পাসে আয়োজন করা হয় দোয়া মাহফিল ও মানসিক প্রশমন কর্মসূচি। এখন ধাপে ধাপে পুরোদমে শুরু হচ্ছে নিয়মিত ক্লাস, তবে পরবর্তী তিন মাস মনোসামাজিক কাউন্সেলিং চলমান থাকবে।
অধ্যক্ষ মো. জিয়াউল আলম বলেন, “এই মুহূর্তে আমাদের প্রধান দায়িত্ব শিক্ষার্থীদের মানসিকভাবে সাপোর্ট দেওয়া। কাউকে বাধ্য করা হয়নি। অভিভাবকদের মতামতের ভিত্তিতেই শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফেরানো হচ্ছে।”
তিনি আরও জানান, দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের মধ্যে বিশেষ করে মেয়েদের মানসিক প্রভাব ছিল স্পষ্ট। তাই তাদের জন্য পৃথকভাবে কাউন্সেলিং সেশন পরিচালনা করা হচ্ছে। শিক্ষার্থীদের সাড়ায় বোঝা যাচ্ছে, একবারের সেশন যথেষ্ট নয়; অনেকের জন্য ধারাবাহিক সেশন প্রয়োজন হবে।
কলেজ সূত্র জানায়, ব্র্যাক, বাংলাদেশ বিমান বাহিনী, স্বাস্থ্য অধিদপ্তর ও কলেজের নিজস্ব মনোবিজ্ঞানীদের সমন্বয়ে গঠিত একটি বিশেষজ্ঞ টিম বর্তমানে কাজ করছে। ওয়ান-টু-ওয়ান সেশনের পাশাপাশি এখন চলছে গ্রুপ কাউন্সেলিং। প্লে-গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণি—সব শ্রেণির শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ে অন্তর্ভুক্ত করা হচ্ছে।
কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল (অব.) নুরুন নবী জানান, যারা এখনো ট্রমায় রয়েছেন, তাদের চাহিদার ভিত্তিতে অন্য শাখা কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানে স্থানান্তরের সুযোগ রাখা হয়েছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনে আপাতত কোনো ক্লাস বা শিক্ষা কার্যক্রম হবে না বলেও নিশ্চিত করেন তিনি। সরকারি তদন্ত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ভবিষ্যতে সে ভবন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, গত ২১ জুলাই ভয়াবহ বিমান দুর্ঘটনার পর মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ ধাপে ধাপে ছুটি ঘোষণা করে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী প্রতিষ্ঠানটি ২ আগস্ট পর্যন্ত বন্ধ ছিল।



