
ফাইল ছবি
পর্যটন সংবাদ ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এক সাম্প্রতিক ঘটনার পর। প্রধানমন্ত্রীর উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়ার ব্যাগ থেকে একটি আগ্নেয়াস্ত্রের ম্যাগাজিন উদ্ধার হওয়ার প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
গত সোমবার রাতে বিমানবন্দর কর্তৃপক্ষ এক জরুরি নিরাপত্তা বার্তায় উল্লেখ করেছে, এই ঘটনার পরপরই বিভিন্ন কৌশলগত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে:
- সব ধরনের ভিআইপি ও ভিভিআইপি ব্যাগেজ স্ক্রিনিং বাধ্যতামূলক করা
- এভিয়েশন সিকিউরিটির সদস্যদের বিশেষ সচেতনতামূলক ব্রিফিং
- সিসিটিভি মনিটরিং টিমকে অতিরিক্ত নজরদারির নির্দেশনা
- মেটাল ডিটেক্টর ও এক্স-রে স্ক্যানের পর উচ্চ ঝুঁকির ব্যাগে সরাসরি হাত দিয়ে পরীক্ষা চালানো
- অস্ত্র বহনের ক্ষেত্রে আগাম অনুমতি ও রেকর্ড সংরক্ষণের নির্দেশনা
- নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় সংশ্লিষ্ট এজেন্সির মাধ্যমে তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা
বিমানবন্দর সূত্রে জানা যায়, গত সপ্তাহে বিদেশ সফরের উদ্দেশ্যে বিমানবন্দরে উপস্থিত হলে উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়ার ব্যাগে নিরাপত্তা স্ক্যানের সময় একটি আগ্নেয়াস্ত্রের ম্যাগাজিন ধরা পড়ে। পরে তদন্তে জানা যায়, এটি একটি ‘অনিচ্ছাকৃত ভুল’। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে উপদেষ্টা বলেন, “ভোররাতে তাড়াহুড়ায় ব্যাগ গুছানোর সময় আগ্নেয়াস্ত্রের ম্যাগাজিনটি অসাবধানতাবশত সঙ্গে থেকে যায়। এটি আমার লাইসেন্সকৃত অস্ত্রের ম্যাগাজিন।”
ঘটনার পর বিমানবন্দর কর্তৃপক্ষ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নেয়। বিশেষ করে বিদেশগামী পর্যটকদের নিরাপত্তা এবং বিমানবন্দরের আন্তর্জাতিক মান বজায় রাখতে এই ধরনের সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



