১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শত কোটি টাকা নিয়ে উধাও ‘ফ্লাইট এক্সপার্ট’, চরম বিপাকে পর্যটন খাত

পর্যটন সংবাদ ডেস্ক: বাংলাদেশের অন্যতম বৃহৎ অনলাইন টিকিট বুকিং প্ল্যাটফর্ম ‘ফ্লাইট এক্সপার্ট’ হঠাৎ করেই গা ঢাকা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির অফিস বন্ধ, ওয়েবসাইট অচল এবং মালিকপক্ষ দেশত্যাগ করেছে বলে জানায় সংশ্লিষ্টরা। এতে পর্যটনখাতসহ বহু ট্রাভেল এজেন্সি ও সাধারণ গ্রাহক চরম অনিশ্চয়তায় পড়েছেন।

গত সোমবার (২ আগস্ট) থেকে রাজধানীর অফিস বন্ধ দেখা যাচ্ছে ফ্লাইট এক্সপার্টের। প্রতিষ্ঠানটির অফিসিয়াল ওয়েবসাইটেও আর প্রবেশ করা যাচ্ছে না। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ করছেন, কোম্পানিটির মালিক হঠাৎ করেই দেশ ছেড়ে পালিয়েছেন।

প্রতিষ্ঠানটির সেলস বিভাগের একজন কর্মকর্তা মামুনুর রশিদ বলেন, “গতরাতে আমাদের মালিক দেশ ত্যাগ করেছেন। এখন আমরা মতিঝিল থানায় অভিযোগ জানাতে যাচ্ছি।”

এ বিষয়ে ফেসবুকে বহু ভুক্তভোগী প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, “এত বড় একটি ট্রাস্টেড কোম্পানি যদি পালিয়ে যায়, তাহলে সাধারণ মানুষ কাকে বিশ্বাস করবে?”

২০১৭ সালের মার্চে আনুষ্ঠানিক যাত্রা শুরু করা ‘ফ্লাইট এক্সপার্ট’ খুব অল্প সময়ের মধ্যেই দেশের অনলাইন ট্রাভেল সেক্টরে একটি সুপরিচিত ব্র্যান্ডে পরিণত হয়। দেশি-বিদেশি বিভিন্ন ফ্লাইট বুকিংয়ের পাশাপাশি হোটেল রিজার্ভেশন, ট্যুর প্যাকেজ, হজ ও ওমরাহ সেবা এবং ভিসা প্রসেসিং সুবিধা দিয়ে আসছিল প্রতিষ্ঠানটি।

বিশেষ করে সহজ ইন্টারফেস, সাশ্রয়ী টিকিট মূল্য এবং লোভনীয় অফার-ডিসকাউন্টের জন্য এটি পর্যটকদের মধ্যে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছিল। বহু ট্রাভেল এজেন্সিও তাদের মাধ্যমে ফ্লাইট বুক করে থাকত।

তবে হঠাৎ করে এরকমভাবে প্রতিষ্ঠানটির উধাও হয়ে যাওয়া সংশ্লিষ্ট খাতে বড় ধরণের আঘাত বলে মনে করছেন পর্যবেক্ষকরা। প্রতারণার শিকার হয়েছে বলে ধারণা করা শত শত ট্রাভেল কোম্পানি ও গ্রাহক এখন আইনগত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

Read Previous

আওয়ামী লীগের গোপন কার্যক্রমে জড়িতদের ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

Read Next

ব্যাংকিং অস্থিরতা: এক সপ্তাহে পদত্যাগ করলেন তিন ব্যাংকের এমডি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular