
পর্যটন সংবাদ ডেস্ক: ইতালির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ লাম্পেদুসা উপকূলে দুইটি নৌকা ডুবে অন্তত ২৬ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, এখনও বহু মানুষ নিখোঁজ, এবং সংখ্যা আরও বাড়তে পারে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
বুধবার (১৩ আগস্ট) উদ্ধারকর্মীরা ৬০ জনকে জীবিত উদ্ধার করেন। তাদের মধ্যে ৫৬ জন পুরুষ ও ৪ জন নারীকে লাম্পেদুসায় আনা হয়। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানায়, দুই নৌকায় মোট প্রায় ৯৫ জন যাত্রী ছিলেন। অর্থাৎ এখনও প্রায় ৩৫ জনের মৃত্যুর বা নিখোঁজ থাকার আশঙ্কা রয়েছে।
প্রাথমিক তথ্যে জানা গেছে, লিবিয়া থেকে যাত্রা শুরুর পর একটি নৌকায় পানি ঢুকতে শুরু করলে যাত্রীরা অন্য নৌকায় ওঠেন। পরে সেটি খারাপ আবহাওয়ার কবলে পড়ে উল্টে যায়।
ইতালির রেড ক্রস জানিয়েছে, উদ্ধার পাওয়া যাত্রীরা শারীরিকভাবে তুলনামূলক ভালো আছেন, তবে ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার অভিবাসন ঠেকাতে এবং মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করেছে।
জাতিসংঘের তথ্য বলছে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ভূমধ্যসাগরের মধ্যাঞ্চল হয়ে ইউরোপে পাড়ি দিতে গিয়ে কমপক্ষে ৬৭৫ জন প্রাণ হারিয়েছেন।



