
পর্যটন সংবাদ ডেস্ক: লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পালেরহাট এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ যুবদল নেতা একেএম ফরিদ উদ্দিনকে আটক করেছে সেনাবাহিনী। রোববার (১০ আগস্ট) রাতে পরিচালিত এ অভিযানে ফরিদের বাড়ি থেকে একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়।
আটক ফরিদ উদ্দিন লক্ষ্মীপুর জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাসসহ প্রায় ১৪টি মামলা রয়েছে বলে জানা গেছে।
এসময় একই এলাকার নাঈম নামে আরেক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে মদ, গাঁজা, ইয়াবা এবং বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরা জব্দ করে সেনাবাহিনী।
লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। উদ্ধারকৃত অস্ত্র ও মাদকদ্রব্য স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।



