
পর্যটন সংবাদ ডেস্ক: পটুয়াখালী জেলা মহিলা দলের সভাপতি আফরোজা সীমার বিরুদ্ধে এক সাংবাদিককে বেঁধে পেটানোর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সাংবাদিক রাকিবুল ইসলাম তনু এশিয়ান টিভির অনলাইন প্রতিনিধি। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং তা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা চলছে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (৮ আগস্ট) পটুয়াখালী শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে। ভিডিওতে দেখা যায়, সাংবাদিককে উদ্দেশ্য করে আফরোজা সীমা ক্ষুব্ধ ভাষায় বলেন, “এখানে বাইন্দা পিডাইলে কোন সাংবাদিক আইবে মোর ধারে, এক্কারে ঘেডি নোওইয়া কেন্নামু…”—এ ধরনের হুমকিসূচক বক্তব্য দেন তিনি।
আফরোজা সীমা দাবি করেন, বিদ্যালয়ের সভাপতি হিসেবে তিনি বিদ্যালয়ের নিরাপত্তা রক্ষায় অসামাজিক কর্মকাণ্ড ঠেকাতে একটি ঘরোয়া বিচার করছিলেন। এ সময় সাংবাদিক তনুর সঙ্গে কথা কাটাকাটি হয় এবং উত্তেজিত হয়ে কিছু কথা বলে ফেলেন। তার অভিযোগ, তনু পরে লুকিয়ে ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দিয়েছেন।
অন্যদিকে সাংবাদিক রাকিবুল ইসলাম তনুর অভিযোগ, পারিবারিক একটি বিচার চলাকালে নিজের পরিচয় দেওয়ার পরও আফরোজা সীমা তার সঙ্গে অশালীন আচরণ করেন। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদককে ফোনে কথা বলানোর পর সীমা আরও ক্ষুব্ধ হয়ে হুমকিমূলক বক্তব্য দেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান টোটন বলেন, “বিষয়টি শুনেছি এবং উভয় পক্ষের সঙ্গে কথা বলেছি। আসল ঘটনা জানার চেষ্টা চলছে।”
এ ঘটনায় এলাকায় রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।



