
ছবি: সংগৃহীত
পর্যণ সংবাদ ডেস্ক : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের কথা বললেও মাঠের বাস্তবতা পুরোপুরি প্রশ্নবিদ্ধ। তার দাবি, একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের কথা বলা হলেও সরকারের নানা সিদ্ধান্ত সেই আস্থাকে দুর্বল করছে।
রোববার সকালে পটুয়াখালীর বড় বিঘাই ইউনিয়নের বিঘাই হাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত একটি সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব মন্তব্য করেন। অনুষ্ঠানে বিএনপি পরিবারের উদ্যোগে বৃদ্ধ আব্দুল গনি জোমাদ্দার ও মমতাজ বেগমের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
সমাবেশে রিজভী বলেন, নির্বাচন ঘিরে নানা মত উঠে আসছে। কেউ প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি বা গণভোটের কথা বলছেন, আবার অনেক বিশেষজ্ঞ এসব প্রস্তাবের আইনগত ভিত্তি নেই বলেও মত দিচ্ছেন। তার ভাষায়, “ভোটের সঙ্গে গণভোট যোগ করতেই পারে, কিন্তু আইনের বাইরে গিয়ে কিছু করলে ভবিষ্যতে জটিলতা তৈরি হবে।”
সরকারের বিভিন্ন বিদেশি চুক্তির প্রসঙ্গ টেনে তিনি বলেন, আগের সরকারের আদানি গ্রুপের সঙ্গে করা বিদ্যুৎচুক্তি এখন দেশের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। তার অভিযোগ, একই ধরণের সিদ্ধান্ত নিচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও। চট্টগ্রাম বন্দর বিদেশি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের চেষ্টা চলছে বলেও তিনি মন্তব্য করেন।
রিজভীর ভাষায়, দেশের জনগণ যখন নিত্যপণ্যের দাম, আলু চাষিদের লোকসান, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার আতঙ্কসহ নানা সংকটে ভুগছে— তখন সরকারের দৃষ্টি ঘুরছে বৈদেশিক চুক্তির দিকে। তিনি বলেন, “মানুষের জীবন-সংগ্রাম সরাসরি দেখার বদলে অন্য বিষয়গুলোর পেছনে শক্তি খরচ করা দায়িত্বশীল আচরণ নয়।”
সমাবেশে জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমেনসহ দলীয় অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।



