
পর্যটন সংবাদ ডেস্ক: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন।
রোববার (৩১ আগস্ট) সকাল ১০টার দিকে প্রায় সাত মিনিট টেলিফোনে নুরের চিকিৎসা সংক্রান্ত তথ্য নেন তিনি। এ সময় রাষ্ট্রপতি জানান, নুরের উন্নত চিকিৎসার জন্য সরকার বিদেশে নেওয়ার ব্যবস্থা করছে।
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ গণমাধ্যমকে বলেন, রাষ্ট্রপতি নুরের দ্রুত আরোগ্য কামনা করেছেন। একই সঙ্গে তার ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে গভীর দুঃখ প্রকাশ করেছেন।
রাষ্ট্রপতি হামলায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার প্রতিশ্রুতিও দিয়েছেন বলে জানান আবু হানিফ।



