১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়ার অর্থনীতি ভেঙে দেওয়ার হুমকি, ইউরোপকে পাশে চাইল যুক্তরাষ্ট্র

পর্যটন সংবাদ ডেস্ক: রাশিয়ার ওপর আরও কঠোর অর্থনৈতিক চাপ তৈরির হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, রুশ তেল আমদানি বন্ধে বিশ্বব্যাপী চাপ সৃষ্টি করা গেলে মস্কোকে আলোচনায় বসতে বাধ্য করা সম্ভব হবে।

রোববার (৭ সেপ্টেম্বর) এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বেসেন্ট বলেন, এখন বিষয়টা দাঁড়িয়েছে ইউক্রেনের সেনারা কতদিন টিকে থাকতে পারে আর রুশ অর্থনীতি কতটা স্থায়ী হতে পারে—সেই হিসাবের ওপর। তার মতে, নতুন করে নিষেধাজ্ঞা ও রুশ তেল কিনতে থাকা দেশগুলোর ওপর দ্বিতীয় দফায় শুল্ক আরোপ করা হলে রাশিয়ার অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়বে।

বেসেন্ট বলেন, যুক্তরাষ্ট্র চাপ বাড়াতে প্রস্তুত, তবে ইউরোপীয় অংশীদারদেরও একইভাবে এগিয়ে আসতে হবে। তিনি সতর্ক করে দেন, মস্কোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হলে পশ্চিমাদের ঐক্যবদ্ধ অবস্থান জরুরি।

এর আগে ট্রাম্প প্রশাসন রুশ তেল আমদানি চালিয়ে যাওয়ার কারণে ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক বসিয়েছে, যা এখন পর্যন্ত সবচেয়ে কঠোর পদক্ষেপগুলোর একটি।

অন্যদিকে, ইউক্রেন জানিয়েছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর এবারই সবচেয়ে বড় বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত চারজন নিহত হয়েছেন এবং কিয়েভের একটি সরকারি ভবনে আগুন ধরে যায়। এ হামলার নিন্দা জানিয়েছেন ইউক্রেনে নিযুক্ত মার্কিন বিশেষ দূত কিথ কেলগ।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইঙ্গিত দিয়েছেন রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নেওয়ার। যদিও এখনো কোনো নির্দিষ্ট পদক্ষেপ ঘোষণা করেননি তিনি।

এ অবস্থায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যারা এখনো রাশিয়ার সঙ্গে ব্যবসা করছে, বিশেষ করে তেল ও গ্যাস কিনছে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তার দাবি, এসব দেশের ওপর শুল্ক বসানোই সঠিক পদক্ষেপ হবে।

Read Previous

কিংবদন্তি নায়ক সোহেল রানার আবেগঘন আবেদন: ‘আমি ভুল করেছি, সবার কাছে ক্ষমা চাই’

Read Next

নতুন কুঁড়ি’-তে অংশ নিতে আবেদন সময়সীমা বাড়ল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular