
পর্যটন সংবাদ ডেস্ক: রাজশাহীর নতুন বুধপাড়া রেলক্রসিং এলাকায় ভাঙা রেললাইনের ওপর দিয়ে ধীরগতিতে চলছে ট্রেন। ভাঙা অংশে অস্থায়ীভাবে পাটের গুঁজ লাগিয়ে রেখেই ট্রেন চলাচল করছে। এতে যাত্রীদের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সকালে কাজ করতে গিয়ে কর্মীরা রেললাইনের প্রায় ৬ থেকে ৭ ইঞ্চি ভাঙা অংশ দেখতে পান। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলে তারা মেরামতের আশ্বাস দেন। তবে মেরামতের আগেই বরেন্দ্র এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস, মধুমতী এক্সপ্রেসসহ বেশ কয়েকটি লোকাল ও মেইল ট্রেন ওই ভাঙা লাইনের ওপর দিয়েই চলাচল করেছে।
শুধু রাজশাহীতেই নয়, একই দিন সকালে নাটোরের লুকমানপুর স্টেশন এলাকাতেও লাইনে ফাটল ধরা পড়ে। সেখানেও পাট গুঁজে ট্রেন চালানো হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী (পথ) আহসান হাবিবের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
যাত্রীরা বলছেন, রেলপথে এ ধরনের অব্যবস্থাপনা বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি করছে। দ্রুত ভাঙা রেললাইন মেরামত না করা হলে ঝুঁকি আরও বাড়বে বলে তাদের দাবি।



