
পর্যটন সংবাদ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডের মাদামবিবিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তুলাবোঝাই একটি ট্রাক উল্টে ১১ ঘণ্টারও বেশি সময় ধরে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সোমবার রাত তিনটার দিকে দুর্ঘটনার পর থেকে ঢাকামুখী লেনে অন্তত ১০ কিলোমিটার দীর্ঘ যানজট দেখা দেয়।
প্রচণ্ড গরমে আটকা পড়ে হাজারো যাত্রী ও পরিবহন শ্রমিক সীমাহীন দুর্ভোগে পড়েছেন। অনেকে গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। দীর্ঘ সময় আটকে থাকা এক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, “তীব্র গরমে বসে থাকা কষ্টকর হয়ে উঠেছে, জানি না কবে জ্যাম ছুটবে।”
হাইওয়ে পুলিশ জানায়, ট্রাকটির সামনের চাকা খুলে গেলে গাড়িটি উল্টে গিয়ে পুরো লেন বন্ধ হয়ে যায়। ভারী সরঞ্জাম না থাকায় দ্রুত সরানো সম্ভব হয়নি। বারবার নির্দেশ দেওয়া হলেও মালিকপক্ষও কোনো উদ্যোগ নেয়নি। একাধিকবার রেকার ভ্যান দিয়ে সরানোর চেষ্টা ব্যর্থ হয়েছে।
আউলিয়া হাইওয়ে থানার ওসি আবদুল মোমিন বলেন, “গাড়িটি সরাতে চেষ্টা চলছে। সরানো গেলে যান চলাচল স্বাভাবিক হবে।” তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার পরপরই দ্রুত পদক্ষেপ নিলে এত বড় যানজট তৈরি হতো না। পরিবহন শ্রমিকরাও বলছেন, ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে সময় ও ব্যবসা দুই-ই ক্ষতিগ্রস্ত হচ্ছে।
মহাসড়কে যাত্রী ও পর্যটকদের ভ্রমণ পরিকল্পনা তাই মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। হঠাৎ এমন অচলাবস্থা শুধু জনভোগান্তি নয়, দেশের অন্যতম ব্যস্ত সড়কে পর্যটন ও বাণিজ্য যাতায়াতের বড় প্রতিবন্ধকতা তৈরি করেছে।



