
পর্যটন সংবাদ ডেস্ক: বাংলাদেশ যুক্তরাষ্ট্রে রপ্তানি করা পণ্যের ওপর আরোপিত অতিরিক্ত ২০ শতাংশ পাল্টা শুল্ক কমানোর বিষয়ে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বাণিজ্য মন্ত্রণালয়ে মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন সাংবাদিকদের এ তথ্য জানান।
তিন দিনের সফরে ঢাকায় আসা মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন অ্যাসিস্ট্যান্ট ইউএস ট্রেড রিপ্রেজেনটেটিভ ফর সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া ব্রেন্ডান লীঞ্চ। উপদেষ্টা জানান, পাল্টা শুল্ক নিয়ে দুই দেশের মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে।
শেখ বশিরউদ্দীন বলেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানো আমাদের প্রধান লক্ষ্য। এই লক্ষ্য অর্জিত হলে শুল্ক কমার সম্ভাবনা উজ্জ্বল। এছাড়া দ্রুতই দুই দেশের মধ্যে রেসিপ্রোকাল ট্যারিফ চুক্তি হওয়ার পথ তৈরি হয়েছে।”
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে কৃষি ও জ্বালানি পণ্য আমদানি এবং বিমান কেনার প্রতিশ্রুতি দিয়েছে। কেনাকাটার অগ্রগতি নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. নাজনীন কাউসার চৌধুরী উপস্থিত ছিলেন।



