
পর্যটন সংবাদ ডেস্ক: মালয়েশিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয় ‘ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া’ (ইউকেএম) প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে।
বুধবার (১৩ আগস্ট) সকালে কুয়ালালামপুরে ইউকেএম অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের কাছ থেকে ড. ইউনূস এই সম্মাননা গ্রহণ করেন। সামাজিক ব্যবসা ধারণার প্রচার ও বিশ্বব্যাপী প্রসারে তার অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এ ডিগ্রি দেওয়া হয়।
অনুষ্ঠানে লাল গালিচা সংবর্ধনা পেয়ে মঞ্চে আসেন অধ্যাপক ইউনূস। চ্যান্সেলরের স্বাগত জানানো শেষে তিনি বক্তব্যে সামাজিক ব্যবসার ভবিষ্যৎ ও সমাজ পরিবর্তনে এর ভূমিকা নিয়ে কথা বলেন। অনুষ্ঠানে মালয়েশিয়ার শিক্ষাবিদ, নীতিনির্ধারক, ইউকেএম-এর শিক্ষক-শিক্ষার্থীসহ বাংলাদেশ থেকে আগত সফরসঙ্গীরাও উপস্থিত ছিলেন।
ড. মুহাম্মদ ইউনূস বর্তমানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে রয়েছেন। গত সোমবার (১১ আগস্ট) তিনি কুয়ালালামপুরে পৌঁছান।



