
পর্যটন সংবাদ ডেস্ক: মালয়েশিয়ায় জাল ভিসা তৈরির অভিযোগে ১৬ জন বাংলাদেশি ও ৩ জন মিয়ানমারের নাগরিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। সোমবার (১১ আগস্ট) রাতে কুয়ালালামপুরের তামান মালুরির আশপাশে চারটি স্থানে এ অভিযান চালানো হয়।
রাত সাড়ে ৮টা থেকে শুরু হওয়া বিশেষ অভিযানে পুত্রাজায়া ইমিগ্রেশন সদর দপ্তরের গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা অংশ নেন। ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, দুই সপ্তাহ ধরে জনসাধারণের তথ্য ও গোয়েন্দা সূত্রের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তিদের বয়স ১৮ থেকে ৪৩ বছরের মধ্যে।
তদন্তে জানা গেছে, পরিবর্তিত পাসপোর্ট তথ্য ব্যবহার করে ই-পিএলকেএস স্লিপ প্রিন্টের জন্য প্রত্যেকের কাছ থেকে ১০০ রিঙ্গিত করে নেওয়া হতো। অভিযানে ১১ হাজার ৩৫৭ রিঙ্গিত নগদ অর্থ, ই-পিএলকেএস স্লিপ, বাংলাদেশি পাসপোর্টের তিনটি কপি, তিনটি ল্যাপটপ, তিনটি প্রিন্টিং মেশিন, তিনটি সিসিটিভি ক্যামেরা, একটি এসএসএম কপি, একটি ডিবিকেএল লাইসেন্স এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
আটকদের পুত্রাজায়া ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ১৫(৪) ও ধারা ৬(৩) অনুযায়ী মামলা তদন্ত চলছে।



