
ফাইল ছবি
পর্যটন সংবাদ ডেস্ক: ঢাকা থেকে সৌদি আরবের দাম্মামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট মাঝ আকাশে কারিগরি সতর্কতা পাওয়ায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে ফিরে এসেছে। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে এ সতর্কতামূলক সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।
জানা গেছে, ফ্লাইট নম্বর বিজি-৩৪৯ বোয়িং ৭৭৭-ইআর মডেলের একটি উড়োজাহাজ, যার আসন সংখ্যা প্রায় ৪৫০। এটি সোমবার (২৮ জুলাই) বিকেল ৩টা ৩৩ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দাম্মামের উদ্দেশ্যে উড্ডয়ন করে। তবে উড্ডয়নের এক ঘণ্টার মধ্যেই ফ্লাইটটি ককপিটে ক্যাবিন প্রেসার সংক্রান্ত সতর্কতা পেয়ে ফিরে আসে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা আল মাসুদ খান জানান, “উড্ডয়নের পরপরই ক্যাবিন প্রেসার ওয়ার্নিং আসে। তাই পাইলট যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন।”
তিনি আরও জানান, ফ্লাইটটি ফিরে আসার পর দ্রুত যাত্রীদের জন্য বিকল্প একটি উড়োজাহাজ প্রস্তুত করা হয় এবং তাদের নিরাপদে দাম্মামে পাঠানো হয়েছে। পাশাপাশি প্রযুক্তি ও প্রকৌশল বিভাগ সংশ্লিষ্ট বোয়িং ৭৭৭-ইআর উড়োজাহাজটি পরীক্ষা করে পরবর্তী ফ্লাইট পরিচালনার জন্য উপযোগী হিসেবে ঘোষণা করেছে।
বিমানবন্দরের একটি দায়িত্বশীল সূত্র জানায়, বিমানের আধুনিক যন্ত্রপাতি এবং দক্ষ পাইলটের কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। যাত্রীদের মধ্যে কেউ হতাহত হননি এবং এ পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রিতভাবে মোকাবিলা করা হয়েছে।
বাংলাদেশ বিমানের এই সময়োপযোগী সিদ্ধান্ত ও ব্যবস্থাপনা যাত্রী নিরাপত্তা নিশ্চিতকরণে এয়ারলাইন্সটির প্রতিশ্রুতির প্রমাণ হিসেবে প্রশংসিত হচ্ছে।



