ময়মনসিংহে পর্যটনের সম্ভাবনা কাজে লাগাতে প্রস্তুত ট্যুরিস্ট পুলিশ: এসপি নাইমুল হক

পর্যটন সংবাদ ডেস্ক: ময়মনসিংহকে দেশের পর্যটনের অন্যতম সম্ভাবনাময় অঞ্চল হিসেবে আখ্যায়িত করেছেন ট্যুরিস্ট পুলিশ ময়মনসিংহ রিজিওনের পুলিশ সুপার (এসপি) মো. নাইমুল হক। তিনি বলেন, হাওর, পাহাড়, নদ-নদী আর বৈচিত্র্যময় সংস্কৃতিতে সমৃদ্ধ এই অঞ্চলকে ঘিরে পর্যটনের বিপুল সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনা বাস্তবায়নে ট্যুরিস্ট পুলিশ সর্বদা পর্যটকদের নিরাপত্তা ও সহযোগিতায় কাজ করছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে নগরীর এক অভিজাত হোটেলে স্থানীয় অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসপি নাইমুল হক বলেন, “ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল ও নেত্রকোনায় শত শত বছরের ঐতিহ্যবাহী স্থাপত্য, পাহাড়-হাওর, নদ-নদী আর ক্ষুদ্র জনগোষ্ঠীর সংস্কৃতি ভ্রমণপিপাসুদের কাছে অনন্য আকর্ষণ। কিন্তু প্রচার-প্রচারণার ঘাটতির কারণে এ সম্ভাবনাময় খাত পিছিয়ে আছে। আমাদের উচিত আঞ্চলিক ঐতিহ্যকে সামনে নিয়ে আসা।”

তিনি আরও জানান, পর্যটকদের কোনো ধরনের হয়রানি সহ্য করা হবে না এবং অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে অপরাধীরা যেন ভ্রমণের সুযোগে কোনো অপকর্মে জড়াতে না পারে, সেদিকেও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সভায় আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রিসোর্ট, হোটেল, ট্যুরিজম প্রতিষ্ঠান ও অংশীজনদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন করার সিদ্ধান্ত হয়।

এসময় ইয়াজদানী কোরাইশি কাজল, মোহাম্মদ রিপন, মমিনুল ইসলাম প্লাবন, আব্দুল কাদের, ফারহান চৌধুরীসহ অন্যরা বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের পর্যটন খাতকে এগিয়ে নিতে সরকারের কার্যকর উদ্যোগ কামনা করেন।

Read Previous

ডাকসু নির্বাচনে কারচুপির অভিযোগ, ভিপি প্রার্থী আবিদের সংবাদ সম্মেলন

Read Next

গাজীপুরে সুতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দুই ঘণ্টায় নিয়ন্ত্রণে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular