মতিউর রহমানকে সুবিধা দেওয়ার অভিযোগে এসআইসহ ১১ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

পর্যটন সংবাদ ডেস্ক: এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানকে আদালত থেকে কারাগারে ফেরানোর পথে তাকে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগে কিশোরগঞ্জের এক এসআই ও ১০ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) পুলিশের এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। বরখাস্তদের মধ্যে আছেন এসআই আবুল কাশেম এবং কনস্টেবল মনিরুজ্জামান, মো. কবির হোসেন, ইমরান, নির্জন খান, শামীম আলম, মো. রনি হোসেন, শরীফুল ইসলাম, তানভির রহমান, মো. আবু সাইদ মিয়া ও রবীন্দ্র দাস।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী গণমাধ্যমকে বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত শেষে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশের অফিস আদেশে উল্লেখ করা হয়, আদালতে হাজিরার পর ফেরার পথে স্কর্ট টিম যাত্রাবিরতি করে এবং ইনচার্জের ব্যবস্থাপনায় হাজতি মতিউর রহমানকে আলাদা কক্ষে খাবার খাওয়ানো হয়। অন্য সদস্যরা বাইরে সাধারণ স্থানে খাওয়েন। এ ধরনের ব্যবস্থা স্কর্ট ডিউটির নিয়মবিরুদ্ধ এবং দায়িত্ব পালনে অবহেলার প্রমাণ।

তদন্ত কমিটির প্রতিবেদনে নিশ্চিত হওয়া যায়, হাজতিকে বিশেষ সুবিধা দেওয়ার ঘটনা সত্য এবং তা পুলিশের শৃঙ্খলা ও ভাবমূর্তির জন্য ক্ষতিকর।

বরখাস্ত থাকা অবস্থায় তারা বিধি মোতাবেক বেতন ও ভাতা পাবেন তবে নিয়মিতভাবে পুলিশ লাইন্সে হাজিরা ও প্যারেডে অংশ নিতে হবে বলে আদেশে জানানো হয়।

Read Previous

লোকসানি ব্যাংকে বোনাস বন্ধের নির্দেশ: বাংলাদেশ ব্যাংক গভর্নর

Read Next

ভোলায় মসজিদের খতিব মাওলানা আমিনুল হক নোমানীকে কুপিয়ে হত্যা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular