ভোলাগঞ্জের লুট হওয়া পাথর ফেরত দিতে হাইকোর্টের নির্দেশ

পর্যটন সংবাদ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ এলাকায় লুট হওয়া সাদা পাথর আগামী সাত দিনের মধ্যে আগের স্থানে ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি এই লুটের সঙ্গে জড়িতদের তালিকা আদালতে জমা দেওয়ারও আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) এক রিটের শুনানি শেষে বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

এদিকে, পাথর লুটের ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে আরেকটি রিটের শুনানি আগামী রোববার পর্যন্ত মুলতবি রেখেছে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের বেঞ্চ। ওই রিটে ভোলাগঞ্জ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত বাহিনী মোতায়েন এবং দায়িত্বশীল কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না—তা জানতে রুল জারির আবেদন করা হয়েছে।

সাদা পাথরের সৌন্দর্যে ঘেরা ভোলাগঞ্জ পর্যটন এলাকার এই ঘটনা স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, প্রাকৃতিক সম্পদ রক্ষা ও নিরাপত্তা জোরদার করা হলে ভোলাগঞ্জ দেশের অন্যতম আকর্ষণীয় গন্তব্য হিসেবে আরও বেশি জনপ্রিয় হবে।

Read Previous

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর-ডেপুটি গভর্নরদের বিরুদ্ধে দুর্নীতি তদন্ত শুরু

Read Next

ইরাসমাস মুন্ডাস স্কলারশিপে ১৫৯ বাংলাদেশি, বিশ্বে তৃতীয় অবস্থান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular