বেবিচকে সাইবার নিরাপত্তা সচেতনতা মাস উদযাপন

পর্যটন সংবাদ ডেস্ক: বিশ্বজুড়ে অক্টোবর মাসকে ‘সাইবার নিরাপত্তা সচেতনতা মাস’ হিসেবে উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৪ অক্টোবর) বেবিচক সদরদপ্তরে আইটি বিভাগের উদ্যোগে একটি সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে বেবিচকের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সাইবার ঝুঁকি চিহ্নিত করা, ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক তথ্য সুরক্ষা এবং নিরাপদ অনলাইন ব্যবহারের বিষয়ে ধারণা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। সভাপতিত্ব করেন সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমডোর আবু সাঈদ মেহ্‌বুব খান। টেকনিক্যাল বিষয়ে মূল উপস্থাপনা দেন আইটি বিভাগের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান।

দিনব্যাপী আয়োজনে ব্যানার প্রদর্শন, তথ্যবহুল লিফলেট বিতরণ, ‘নিরাপদ অনলাইন জীবন’ শীর্ষক প্রেজেন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

বক্তব্যে বেবিচক চেয়ারম্যান বলেন, “সাইবার নিরাপত্তা এখন আর শুধুমাত্র প্রযুক্তি বিশেষজ্ঞদের বিষয় নয়। আমাদের প্রতিটি কর্মপরিচালনায় সতর্ক না থাকলে একটি ছোট ভুল বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। বিমান চলাচল একটি আন্তর্জাতিক সংযুক্ত সেক্টর—এখানে সাইবার হামলার প্রভাব সীমান্ত অতিক্রম করে বৈশ্বিক পর্যায়েও ছড়িয়ে পড়তে পারে।”

তিনি আরও বলেন, সচেতনতা ও মৌলিক সাইবার নিরাপত্তা নীতি মেনে চলার অভ্যাস গড়ে তুলতে পারলেই একটি শক্তিশালী ডিজিটাল নিরাপত্তা কাঠামো তৈরি করা সম্ভব।

অনুষ্ঠানে বেবিচকের সদস্য, পরিচালক, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক : মুহাম্মদ শফিকুল আশরাফ

Read Previous

মিরপুরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

Read Next

মিরপুর রূপনগরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু, দগ্ধ একাধিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular