
পর্যটন সংবাদ ডেস্ক : রাজধানীর মিরপুরের রূপনগর এলাকায় গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। এছাড়া একাধিক ব্যক্তি দগ্ধ অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ দ্বিতীয় তলা থেকে উদ্ধার করা হয়েছে। সদর দপ্তর থেকে একটি বিশেষ সার্চিং টিম ঘটনাস্থলে কাজ করছে। আরও কেউ ভেতরে আটকে আছেন কিনা তা খুঁজে দেখা হচ্ছে।
লেফটেন্যান্ট কর্নেল (অপারেশন ও মেইনটেন্যান্স) মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, ভবনের দ্বিতীয় তলা থেকেই মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। ভেতরের পরিবেশ ধোঁয়ায় আচ্ছন্ন থাকায় কাজ করতে কিছুটা বেগ পেতে হচ্ছে।
আগুনের খবর ফায়ার সার্ভিসে পৌঁছায় সকাল ১১টা ৪০ মিনিটে, এবং প্রথম ইউনিট ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে মোট ১২টি ইউনিট আগুন নেভানোর চেষ্টায় নিয়োজিত রয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ভেতরে থাকা কেমিক্যালের কারণে ধোঁয়া ও তাপ বেশি থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
স্থানীয়দের আশঙ্কা, ভবনটিতে আরও শ্রমিক থাকতে পারে। ফায়ার সার্ভিস বলছে, আগুন নেভানোর পর প্রতিটি তলা ও কক্ষ তল্লাশি করে নিশ্চিত করা হবে কেউ আটকেছেন কিনা।
ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় বাড়ছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের সদস্যরাও দায়িত্ব পালন করছেন।



