
প্রতিকী ছবি
পর্যটন সংবাদ ডেস্ক : বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তি কার্যক্রম শুরু করতে যাচ্ছে। দেশের টেক্সটাইল শিল্পে দক্ষ জনবল তৈরি করার লক্ষ্যেই বিশ্ববিদ্যালয়টি প্রতি বছর মেধাবী শিক্ষার্থীদের ভর্তি করে থাকে। চলতি বছর মোট ১১টি বিভাগে ৬৩০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে বলে বুধবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বুটেক্সের ভর্তি আবেদন শুরু হবে আগামী ১১ নভেম্বর সকাল ১০টা থেকে এবং আবেদন করা যাবে ১১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে হবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা। প্রাথমিকভাবে যোগ্য ঘোষিত প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশ নিতে হলে ১,২০০ টাকা প্রদান করে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৯ জানুয়ারি ২০২৬, শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। পরীক্ষাটি হবে মোট ২০০ নম্বরে, যেখানে গণিত ৬০, পদার্থবিজ্ঞান ৬০, রসায়ন ৬০ এবং ইংরেজি ২০ নম্বরের প্রশ্ন থাকবে। প্রশ্নপত্র হবে বাংলা ও ইংরেজি দুই ভাষায়, এবং ২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের নির্ধারিত সিলেবাস অনুযায়ী পরীক্ষা নেওয়া হবে।
লিখিত পরীক্ষার জন্য প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ২১ ডিসেম্বর। প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৩ ডিসেম্বর সকাল ১০টা থেকে ৩০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ ২৫ জানুয়ারি ২০২৬। ফলাফল বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট (www.butex.edu.bd) এবং নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে।
এ বছর ১১টি বিভাগে ভর্তি নেওয়া হবে—ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং ৮০ জন, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং ৮০ জন, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং ৮০ জন, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং ৮০ জন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট ৮০ জন, টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন ৪০ জন, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ৪০ জন, টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স ৪০ জন, ডাইজ অ্যান্ড কেমিক্যালস ইঞ্জিনিয়ারিং ৪০ জন, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ৪০ জন এবং টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং ৩০ জন।
ভর্তিসংক্রান্ত তথ্য জানতে শিক্ষার্থীরা রোববার থেকে বৃহস্পতিবার অফিস চলাকালীন সময়ের মধ্যে ০১৫৫৪-৯২৬২২০ নম্বরে যোগাযোগ করতে পারবেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও সব ধরনের নিয়মাবলি ও নির্দেশিকা পাওয়া যাবে।
দেশের একমাত্র সরকারি টেক্সটাইল বিশ্ববিদ্যালয় হিসেবে বুটেক্সে ভর্তি হওয়ার সুযোগ মেধাবী শিক্ষার্থীদের জন্য বড় অর্জন হিসেবে গণ্য হয়। এখানে পড়াশোনা শেষ করে শিক্ষার্থীরা দেশের টেক্সটাইল শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এবং রপ্তানি খাতকে আরও সমৃদ্ধ করতে অবদান রাখছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করছে, এবারও যোগ্য ও মেধাবী শিক্ষার্থীদের মাধ্যমে দেশের বস্ত্রশিল্পে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।



