
পর্যটন সংবাদ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পুড়ে যাওয়া কার্গো কমপ্লেক্স থেকে মোবাইল চুরির অভিযোগে এক আনসার সদস্যকে বাহিনী থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযুক্ত আনসার সদস্য জেনারুল ইসলামকে শৃঙ্খলাভঙ্গ ও চুরির অভিযোগে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিরাপত্তাকর্মীরা বিমানবন্দরের ৮ নম্বর গেট, যেটি হ্যাঙ্গার গেট নামেও পরিচিত, সেখান থেকে জেনারুল ইসলামকে আটক করেন। তল্লাশির সময় তার বুট, প্যান্ট ও শার্টের ভেতর থেকে অন্তত ১৫টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বিমানবন্দর সূত্রে জানা যায়, কার্গো কমপ্লেক্সে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের পর নিরাপত্তা জোরদার করা হলেও ঘটনাস্থলে থাকা কিছু সামগ্রী অব্যবস্থাপনার মধ্যে ছিল। সেই সুযোগে অভিযুক্ত আনসার সদস্য মোবাইল ফোনগুলো চুরির চেষ্টা করেন বলে ধারণা করা হচ্ছে।
আনসার সদর দপ্তর জানায়, ঘটনাটি তদন্তের পর তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তাকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি ঘটনাটির সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখতে অভ্যন্তরীণ তদন্ত চলছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে এমন অনিয়ম রোধে কার্গো কমপ্লেক্স এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হবে এবং দায়িত্বে থাকা সদস্যদের কার্যক্রম কঠোর নজরদারির আওতায় আনা হবে।



