পর্যটন সংবাদ ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন সামনে রেখে উত্তেজনা বাড়ছে ক্রীড়াঙ্গনে। আগামী ৪ অক্টোবর অনুষ্ঠেয় এ নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল, বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদ ও বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তবে এরই মাঝে নতুন বিতর্ক তৈরি হয়েছে।
বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অভিযোগ করেছেন, তাকে প্রার্থিতা প্রত্যাহারের জন্য অজ্ঞাত পরিচয় থেকে হুমকি দেওয়া হয়েছে। নিরাপত্তাজনিত কারণে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়ে সরকারি বন্দুকধারী নিয়োগের অনুরোধ জানিয়েছেন।
বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীর স্বাক্ষরিত সেই চিঠিতে উল্লেখ করা হয়, নির্বাচনের সময় সভাপতির নিয়মিত যাতায়াত ও সার্বিক নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ। তাই তার জন্য গানম্যান নিয়োগ জরুরি। যদিও হুমকি পাওয়ার প্রসঙ্গ চিঠিতে উল্লেখ করা হয়নি।
পরবর্তীতে এক বেসরকারি টিভি চ্যানেলকে বুলবুল নিজেই নিশ্চিত করেন হুমকির বিষয়টি। তিনি বলেন, কয়েক দিন আগে অজ্ঞাত নম্বর থেকে ফোনে বলা হয়, “ইলেকশন না করলে হয় না? না করলেই ভালো হয়।” বুলবুলের ভাষ্য, “নিরাপত্তার বিষয়টি এখন বড় হয়ে দাঁড়িয়েছে, সত্যিই ভয় লাগছে।”
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট বিসিবির নেতৃত্বে পরিবর্তন আসে। তখন দায়িত্ব পান ফারুক আহমেদ। তবে চলতি বছরের মে মাসে তাকে সরিয়ে দিয়ে বোর্ডের দায়িত্ব দেওয়া হয় সাবেক অধিনায়ক ও আইসিসির কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুলকে। দায়িত্ব নেয়ার পর তিনি জানান, এটি হবে তার স্বল্পমেয়াদী মিশন।
কিন্তু নির্বাচন ঘনিয়ে আসতেই একে একে সাবেক অধিনায়ক তামিম, ফারুক ও বুলবুল সভাপতি পদে লড়াইয়ের ঘোষণা দেন। ফলে এবারের বিসিবি নির্বাচন নিয়ে আগ্রহ ও উত্তেজনা কয়েক গুণ বেড়ে গেছে।



