
পর্যটন সংবাদ ডেস্ক: পুঁজিবাজারে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় বড় পদক্ষেপ নিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। প্রতিষ্ঠানটি ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫’ এর খসড়া অনুমোদন দিয়েছে।
১২ আগস্ট অনুষ্ঠিত বিএসইসির ৯৬৮তম সভায় কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে এ সিদ্ধান্ত হয়।
বিএসইসি জানায়, পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্সের সুপারিশ বিবেচনা করে এবং বিশেষ করে প্রান্তিক বিনিয়োগকারীর সুরক্ষা নিশ্চিত করতে নতুন বিধিমালা আনা হচ্ছে। এতে মার্জিন অর্থায়নে বিদ্যমান প্রাতিষ্ঠানিক ঝুঁকি, ক্রেডিট ঝুঁকি ও পদ্ধতিগত ঝুঁকি কমানো এবং সুশাসন জোরদারে গুরুত্ব দেওয়া হয়েছে।
ইতোমধ্যে খসড়া বিধিমালা জনমত যাচাইয়ের জন্য কমিশনের ওয়েবসাইট ও জাতীয় দৈনিকে প্রকাশ করা হয়েছে। বিনিয়োগকারী, সংশ্লিষ্ট অংশীজন ও সাধারণ জনগণের মতামত আহ্বান করেছে বিএসইসি।
সংস্থা বলছে, প্রাপ্ত মতামত ও সুপারিশ পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধন শেষে বিধিমালা চূড়ান্ত করা হবে। পরে সরকারি গেজেটে প্রকাশের মাধ্যমে এটি কার্যকর হবে।



