
পর্যটন সংবাদ ডেস্ক: নির্বাচন কমিশনের শুনানিতে হামলার অভিযোগ তুলে বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানাকে নিয়ে কঠোর সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
রবিবার (২৪ আগস্ট) দুপুরে দলীয় নেতা আতাউল্লাহসহ এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক হচ্ছেন রুমিন ফারহানা। তিনি সব সময় দাবি করেন, গত ১৫ বছর তিনি ভালো ছিলেন। কিন্তু বাস্তবে তিনি আওয়ামী লীগের নানা সুবিধা নিয়েই টিকে ছিলেন। আওয়ামী লীগের কাছে যাঁরা পণ্যসামগ্রী, রুমিন তাঁদের একজন।”
তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশের ভূমিকাও সমালোচনার মুখে পড়েছে। তার দাবি, পুলিশ এনসিপি নেতাকর্মীদের কমিশনে প্রবেশে বাধা দিলেও বিএনপি নেতাকর্মীদের সহজে প্রবেশ ও প্রস্থান করতে দিয়েছে।
হাসনাত আবদুল্লাহ বলেন, “এই নির্বাচন কমিশন এখন কয়েকটি রাজনৈতিক দলের পার্টি অফিসে পরিণত হয়েছে।”
এনসিপি নেতারা জানান, কমিশনের প্রাঙ্গণে বিএনপির নেতাকর্মীদের হামলায় তাদের কয়েকজন আহত হয়েছেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো পদক্ষেপ নেয়নি বলেও অভিযোগ তাদের।



