
পর্যটন সংবাদ ডেস্ক : মানিকগঞ্জের জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত ‘নেপাল সাংস্কৃতিক সন্ধ্যা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বাংলাদেশ ও নেপালের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে উন্নত বিমান সংযোগ এবং পর্যটন ও সাংস্কৃতিক বিনিময়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন।
তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার ভিত্তিতে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আগামী দিনগুলোতে এই সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক হবে বলে তিনি আশা প্রকাশ করেন। মন্ত্রী দ্বিপাক্ষিক যোগাযোগ বাড়াতে বিমান চলাচল বৃদ্ধি এবং পর্যটন ও সাংস্কৃতিক খাতে সহযোগিতা সম্প্রসারণের আহ্বান জানান।
ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি বলেন, সাংস্কৃতিক ও কূটনৈতিক আদান-প্রদান বৃদ্ধির মাধ্যমে নেপাল বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে আরও সুদৃঢ় করতে আগ্রহী। এ ধরনের উদ্যোগ দুই দেশের মধ্যকার ঐতিহ্যবাহী বন্ধুত্বকে নতুন মাত্রা দেবে।
জেলা প্রশাসনের সহযোগিতায় নেপাল দূতাবাস ও বাংলাদেশ-নেপাল মৈত্রী সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, বাংলাদেশ-নেপাল মৈত্রী সমিতির সভাপতি মোশিউর রহমান ও সাধারণ সম্পাদক সালাহউদ্দিন কুটুসহ অনেকে বক্তব্য রাখেন।
দুই দেশের শিল্পীদের সঙ্গীত ও নৃত্য পরিবেশনার মাধ্যমে দুই ঘণ্টাব্যাপী অনুষ্ঠানটি শেষ হয়, যা দর্শকদের মনে দীর্ঘস্থায়ী স্মৃতি রেখে যায়।


