
পর্যটন সংবাদ ডেস্ক: বাংলাদেশ ও চীনের অর্থনৈতিক, বাণিজ্যিক ও প্রযুক্তিগত সহযোগিতা জোরদারে রাজধানীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী “বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ইন বাংলাদেশ এক্সিবিশন ২০২৫”।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বসুন্ধরার আন্তর্জাতিক কনভেনশন সিটি (আইসিসিবি)-তে এ প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার বাণিজ্য বিষয়ক উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। আয়োজনে সহযোগিতা করেছে ঢাকাস্থ চীনা দূতাবাস।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সবুর হোসেন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মিরানা মাহরুখ এবং চীনা এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশনের সভাপতি হান কুন।
শেখ বশিরউদ্দীন উদ্বোধনী বক্তব্যে সড়ক নিরাপত্তাহীনতার সমালোচনা করেন এবং বাংলাদেশে মানসম্পন্ন বাণিজ্যিক যানবাহন উৎপাদনে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, “আমরা যদি নিরাপদ যানবাহন পাই, তাহলে সড়ক খাতে বড় পরিবর্তন আসবে।” পাশাপাশি তিনি বাংলাদেশকে দ্রুত এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার পরিকল্পনার কথাও তুলে ধরেন।
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশই প্রথম যারা বিআরআই উদ্যোগে যুক্ত হয়েছে। তিনি বলেন, গত এক বছরে বাংলাদেশে চীনা বিনিয়োগ ২৫৪ শতাংশের বেশি বেড়েছে এবং ভবিষ্যতে এ সহযোগিতা আরও বাড়বে।
সরকারি কর্মকর্তারা নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো ও প্রযুক্তি খাতে বিনিয়োগ আহ্বান করেন।
দুই দিনব্যাপী এ প্রদর্শনীতে ৪০টি প্রতিষ্ঠানের ৮০টি বুথ রয়েছে, যার মধ্যে ৩২টি চীনা প্রতিষ্ঠান। অবকাঠামো, জ্বালানি, কৃষি, পরিবহন, লজিস্টিকস, প্রযুক্তি ও স্বাস্থ্যখাতের প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য ও সেবা প্রদর্শন করছে।
এছাড়া প্রদর্শনীর অংশ হিসেবে থাকছে উচ্চপর্যায়ের বিটুবি ও জিটুবি মিটিং, সেমিনার এবং বিনিয়োগ বিষয়ক সেশন। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।



