বাংলাদেশের এলডিসি উত্তরণ সময়সীমা বাড়ানোর আহ্বান ব্যবসায়ীদের

পর্যটন সংবাদ ডেস্ক: দেশের শীর্ষ ব্যবসায়ীরা স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের সময়সীমা আরও তিন থেকে পাঁচ বছর বাড়ানোর আহ্বান জানিয়েছেন। তারা বলেন, দেশের অর্থনীতি ও রপ্তানি খাতের জন্য আরও প্রস্তুতির সময় প্রয়োজন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাজধানীর বনানীর শেরাটন হোটেলে ‘স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ: বাংলাদেশের সামনে বিকল্পসমূহ’ শীর্ষক সেমিনারে এই আহ্বান জানানো হয়। আয়োজনটি করেছে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশ (আইসিসিবি)।

আইসিসিবি সভাপতি মাহবুবুর রহমান বলেন, “আমরা এলডিসি থেকে উত্তরণকে স্বাগত জানাই, তবে প্রস্তুতির জন্য আরও সময় প্রয়োজন। রাজনৈতিক অনিশ্চয়তা ও বিদেশি বিনিয়োগে হ্রাসসহ বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করা দরকার।” তিনি জানান, ২০২৪ সালে বিদেশি বিনিয়োগ ২০২৩ সালের তুলনায় ১৩ শতাংশ কমেছে।

উত্তরণের সময়সীমা বাড়ানোর পক্ষে তিনি পাঁচটি মূল কারণ তুলে ধরেন। এর মধ্যে রয়েছে: উন্নত বাণিজ্য সুবিধা ধরে রাখা, তৈরি পোশাকের বাইরে রপ্তানিতে বৈচিত্র্য আনা, শিল্প খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, বিদেশি বিনিয়োগ আকর্ষণ, এবং প্রতিষ্ঠান ও খাতভিত্তিক জলবায়ু সহনশীলতা বৃদ্ধি।

মাহবুবুর রহমান আরও সতর্ক করে বলেন, “উত্তরণ ঘটলে বাংলাদেশের পণ্যে গড় শুল্ক ১২ শতাংশ বৃদ্ধি পাবে। জিএসপি সুবিধা না থাকলে রপ্তানি ৬ থেকে ১৪ শতাংশ পর্যন্ত কমতে পারে।”

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দ্য থার্ড ওয়ার্ল্ড নেটওয়ার্কের গবেষক ও লিগ্যাল অ্যাডভাইজার সানিয়া রেইড স্মিথ। এতে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর, ব্যাংক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আবদুল হাই সরকার, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয়সহ অর্থনীতিবিদ ও গবেষকরা।

সেমিনারটির অংশগ্রহণকারীরা একমত, দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে এলডিসি উত্তরণের প্রস্তুতি পর্যাপ্ত সময় নিয়ে সম্পন্ন করা জরুরি।

Read Previous

হজ-ওমরা ব্যবস্থাপনায় দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: ধর্ম উপদেষ্টা

Read Next

বিজিএমইএ-যুক্তরাষ্ট্র বৈঠক: পোশাক রপ্তানি বাড়াতে নতুন উদ্যোগের আলোচনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular