বিজিএমইএ-যুক্তরাষ্ট্র বৈঠক: পোশাক রপ্তানি বাড়াতে নতুন উদ্যোগের আলোচনা

পর্যটন সংবাদ ডেস্ক: বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) ও ঢাকাস্থ মার্কিন দূতাবাসের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও সহযোগিতা বাড়াতে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) উত্তরার বিজিএমইএ কমপ্লেক্সে এই বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাহমুদ হাসান খান। মার্কিন প্রতিনিধি দলে ছিলেন লেবার অ্যাটাশে লীনা খান, ফরেন কমার্শিয়াল সার্ভিস অ্যাটাশে পল জি. ফ্রস্ট এবং ফরেন এগ্রিকালচারাল সার্ভিস অ্যাটাশে এরিন কোভার্ট। বিজিএমইএর পক্ষ থেকে সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খানসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি বৃদ্ধির সম্ভাবনা, অর্থনৈতিক অংশীদারত্ব, কাঁচামাল সরবরাহ, এবং গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ গুরুত্ব পায় যুক্তরাষ্ট্র সরকারের সাম্প্রতিক নির্বাহী আদেশ, যেখানে বলা হয়েছে—বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া পোশাকে অন্তত ২০ শতাংশ মার্কিন কাঁচামাল ব্যবহার হলে অতিরিক্ত ২০ শতাংশ শুল্ক ছাড় পাওয়া যেতে পারে। বিজিএমইএ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ট্রেসেবিলিটি ও স্বচ্ছতা নিশ্চিত করতে মার্কিন সহযোগিতা চেয়েছে।

এছাড়া, যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি দ্রুততর করতে চট্টগ্রাম বন্দরের কাছে ওয়্যারহাউস নির্মাণ, পলিয়েস্টার ও নাইলনের মতো ম্যান-মেইড ফাইবার আমদানির সুযোগ, এবং ইউএস কটন কাউন্সিল ও মার্কিন টেক্সটাইল ডিপার্টমেন্টের সঙ্গে সম্ভাব্য সহযোগিতার বিষয়েও আলোচনা হয়।

শ্রম অধিকার বিষয়ে বিজিএমইএ জানায়, তারা ইতোমধ্যে ৮১টি শ্রমিক ফেডারেশনের সঙ্গে সংলাপ করেছে এবং শ্রম আইন সংস্কারে অগ্রগতি হচ্ছে। মার্কিন প্রতিনিধিরা আন্তর্জাতিক মানদণ্ডে আইন সংস্কারের ওপর জোর দেন।

মার্কিন প্রতিনিধি দল বিজিএমইএ নেতাদের আগামী মে মাসে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ‘সিলেক্ট ইউএসএ’ সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানায়। উভয় পক্ষ ভবিষ্যতে অর্থনৈতিক অংশীদারত্ব আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করে বৈঠক শেষ করে।

Read Previous

বাংলাদেশের এলডিসি উত্তরণ সময়সীমা বাড়ানোর আহ্বান ব্যবসায়ীদের

Read Next

এভারেস্টে ভিড় নিয়ন্ত্রণে নেপালের নতুন নীতি: ফি বাড়ছে, ৯৭টি চূড়ায় বিনামূল্যে অভিযানের সুযোগ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular