
পর্যটন সংবাদ প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, হজ ও ওমরা ব্যবস্থাপনায় কোনো কর্মকর্তা যদি এক টাকাও ঘুষ গ্রহণ করেন, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এমনকি তিনি ফাঁসির হুমকিও দিয়েছেন।
ড. খালিদ হোসেন বৃহস্পতিবার (১৪ আগস্ট) আগারগাঁওয়ে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘হজ ও ওমরা ফেয়ার ২০২৫’-এর উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন। তিনি বলেন, “যদি আমাদের কোনো স্টাফ দুর্নীতির সঙ্গে জড়িত হয় বা কোনো এজেন্সির কাছ থেকে টাকা দাবি করে, জনগণ আমাদের জানাবে। আমরা দ্রুত ব্যবস্থা নেব।”
তিনি আরও জানান, চলতি বছরের মতো আগামী ২০২৬ সালেও হজ ব্যবস্থাপনাকে সুন্দর ও সুবিধাজনক করার লক্ষ্য রাখা হয়েছে। হজ ব্যবস্থাপনায় সৌদি সরকারের ক্যাটারিং সার্ভিসের খাবার বাদ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এছাড়া মুজদালিফার টয়লেট ব্যবস্থাপনাকে আরও উন্নত করতে বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ জানানো হবে।
ড. খালিদ হোসেন বলেন, “মধ্যসত্ত্বভোগীদের প্রভাব থেকে হজকে মুক্ত করার সর্বোচ্চ চেষ্টা চলছে। হজ ফ্লাইটের বিমান ভাড়া কমানোর বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে। এই বৈঠকে হাবের প্রতিনিধিদেরও উপস্থিত রাখা হবে।”
তিনি যোগ করেন, হজ ও ওমরা যাত্রীরা যাতে নিরাপদ ও সাশ্রয়ীভাবে ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেন, সেটাই আমাদের প্রধান লক্ষ্য।



